লম্বা গলার প্রাণী জিরাফ এবার বিজ্ঞানীদের নতুনভাবে বিস্মিত করেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, জিরাফরা সাধারণ গাণিতিক হিসাব বা সংখ্যার পার্থক্য বুঝতে সক্ষম। এমনকি কোনো পাত্রে খাবারের পরিমাণ বাড়লে বা কমলে সেটিও তারা শনাক্ত করতে পারে।
বার্সেলোনার একদল গবেষকের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় অংশ নেয় বার্সেলোনা বিশ্ববিদ্যালয়, লিপজিগ বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অব ইভোল্যুশনারি অ্যানথ্রোপলজি। গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে।
গবেষরা বার্সেলোনা চিড়িয়াখানার চারটি জিরাফের ওপর পরীক্ষাটি চালান। পরীক্ষায় দুটি পৃথক পাত্রে ভিন্ন ভিন্ন পরিমাণ গাজরের টুকরা রাখা হয়। পরে জিরাফদের সামনে পাত্র দুটি ঢেকে দেওয়া হয় এবং তাদের উপস্থিতিতেই কখনো গাজর যোগ করা হয়, আবার কখনো কিছু গাজর সরিয়ে নেওয়া হয়।
গবেষণায় দেখা যায়, প্রায় ৬৮ শতাংশ ক্ষেত্রে জিরাফগুলো সঠিকভাবে সেই পাত্রটি বেছে নেয় যেখানে গাজরের পরিমাণ বেশি ছিল। গবেষকদের মতে, এটি কেবল কাকতালীয় ঘটনা নয়, বরং সংখ্যার তারতম্য বুঝে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ইঙ্গিত দেয়।
জিরাফরা কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, তা নিশ্চিত করতে গবেষকেরা আরো কিছু পর্যবেক্ষণ করেন। তারা দেখতে চান, প্রাণীগুলো কি গবেষকদের অঙ্গভঙ্গি বা ইঙ্গিত অনুসরণ করছে কি না। ফলাফলে দেখা যায়, চারটির মধ্যে দুটি জিরাফ কিছুটা মানবসঙ্কেতের ওপর নির্ভর করলেও বাকি দুটি কোনো ধরনের ইঙ্গিত ছাড়াই শুধুমাত্র গাজরের পরিমাণ তুলনা করে সঠিক পাত্রটি নির্বাচন করে।
গবেষকদের মতে, এই ফলাফল প্রাণিজগতের জ্ঞান ও বোধশক্তি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এবং প্রাণীদের মধ্যে গাণিতিক সক্ষমতা সম্পর্কিত ধারণাকে আরো বিস্তৃত করেছে। তথ্যসূত্র: ইউপিআই
সানা/কেএমএএ/আপ্র/৪/৭/২০২৬