অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন
টেনিস খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, নিখুঁত টেকনিক এবং গতিশীলতার ওপর জয়-পরাজয় অনেকাংশেই নির্ভর করে, তবে পেশাদার হোক বা শৌখিন, খেলার মাঠে নানা ধরনের শারীরিক আঘাত বা ইনজুরি খেলোয়াড়দের জন্য একটি সাধারণ ও উদ্বেগের বিষয়। টেনিস খেলোয়াড়দের সবচেয়ে সাধারণ ইনজুরিগুলোর মধ্যে রয়েছে টেনিস এলবো, কাঁধের রোটেটর কাফ ইনজুরি, গোড়ালি মচকে যাওয়া এবং হাঁটুতে তীব্র ব্যথা। এসব অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে শরীরকে সুরক্ষিত রাখতে সঠিক শারীরিক কন্ডিশনিং, মানানসই ও সঠিক র্যাকেট নির্বাচন এবং খেলার আগে ও পরে যথাযথ স্ট্রেচিং করা অত্যন্ত জরুরি। এই ইনজুরিগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হলো টেনিস এলবো বা ল্যাটারাল এপিকনডাইলাইটিস- যা মূলত কনুইয়ের বাইরের অংশের পেশি এবং টেন্ডনে অতিরিক্ত ও পুনরাবৃত্তিমূলক চাপ পড়ার কারণে সৃষ্টি হয়। এর চিকিৎসায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, কনুইয়ে নিয়মিত বরফের প্যাক ব্যবহার করা, ফোরআর্ম বা বাহুর পেশি শক্তিশালী করার জন্য নির্দিষ্ট ব্যায়াম করা এবং র্যাকেটের সঠিক গ্রিপ সাইজ ও কম স্ট্রিং টেনশন বজায় রাখা একান্ত প্রয়োজন।
অন্যদিকে টেনিস কোর্টে দ্রুত দিক পরিবর্তন করার সময় অনেক সময় খেলোয়াড়দের পায়ের গোড়ালি মারাত্মকভাবে মচকে যেতে পারে বা লিগামেন্টে আঘাত লাগতে পারে। এর প্রতিকারে অত্যন্ত কার্যকরী হলো বিশ্বজুড়ে স্বীকৃত জওঈঊ পদ্ধতি অনুসরণ করা, যার অর্থ হলো বিশ্রাম নেওয়া, বরফ দেওয়া, ব্যান্ডেজ দিয়ে চাপ দিয়ে রাখা এবং পা উঁচুতে রাখা। একই সঙ্গে গোড়ালিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ভালো মানের এবং কুশনিংযুক্ত সাপোর্টিং টেনিস জুতো ব্যবহার করা উচিত। অন্যদিকে, শক্তিশালী সার্ভিস করার সময় এবং বল সজোরে আঘাত করার সময় কাঁধের পেশিতে অতিরিক্ত টান পড়ে। ফলে রোটেটর কাফ ইনজুরি বা টেন্ডোনাইটিস হতে পারে। এটি প্রতিরোধ করতে কাঁধ ও পিঠের পেশি মজবুত করার জন্য নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং করতে হবে এবং সার্ভ করার টেকনিকে কোনো ভুল থাকলে তা অবিলম্বে শুধরে নিতে প্রফেশনাল কোচের সাহায্য নেওয়া উচিত।
এদিকে অতিরিক্ত জাম্পিং, দ্রুত দৌড়াদৌড়ি এবং বিভিন্ন কর্ট সারফেসে দীর্ঘক্ষণ খেলার কারণে হাঁটুতে প্রচণ্ড চাপ পড়ে, যা প্যাটেলার টেন্ডনে প্রদাহ সৃষ্টি করে যাকে টেনিস হাঁটু বলা হয়। এই সমস্যা এড়াতে খেলার তীব্রতা বা সময় ধীরে ধীরে বাড়াতে হবে এবং পায়ের কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং পেশি শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে। ব্যথা কমাতে বরফ ব্যবহার ও বিশ্রামই এখানে সবচেয়ে কার্যকর। যেকোনো ধরনের ইনজুরি এড়াতে খেলা শুরু করার আগে অন্তত দশ থেকে পনেরো মিনিট ওয়ার্ম-আপ ও স্ট্রেচিং করে শরীর ভালোভাবে গরম করে নেওয়া আবশ্যক। যখন আপনি প্রথম কোনো খেলার আঘাতের মুখোমুখি হন, তখন তাৎক্ষণিক ত্রাণ পেতে জওঈঊ পদ্ধতি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে- যা আপনাকে দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে।
লেখক: বিভাগীয় প্রধান ও পরিচালক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা
কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬