গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হামের উপসর্গে ১ হাজার ২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০২ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৯৬ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬০ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ শিশু।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৮০৮ জনের।
সানা/কেএমএএ/আপ্র/৫/১০/২০২৬