জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের দপ্তরে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের সরকারি ওয়েবসাইটে জাইমা রহমানকে আইন কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি দপ্তরের আইনি বিষয়গুলো দেখভাল করবেন।
খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন। ৮১তম অধিবেশনও একই দিন শুরু হয়েছে এবং চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
খলিলুর রহমানের দপ্তরে বিভিন্ন নির্বাহী পদে ২৯টি দেশের ৪০ জন দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে ছয়জন বাংলাদেশি। বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, জার্মানি, কানাডা, জাপান, নরওয়ে, কাতার, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সেনেগাল ও হাইতির নাগরিকরাও দপ্তরটির বিভিন্ন পদে রয়েছেন।
বাংলাদেশি কূটনীতিক আবদুল আলিম দপ্তরটির উপপ্রধানের দায়িত্ব পালন করবেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সেনেগালের নাগরিক জিবরিল দিয়ালু দপ্তরের প্রধানের দায়িত্ব পালন করবেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তাঁর তিন দশকের বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে।
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে ব্যারিস্টার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন। তাঁকে যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতিবিষয়ক পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন হিসেবে জাতিসংঘের সভাপতির দপ্তরের দলে তালিকাভুক্ত করা হয়েছে।
খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। তাঁর সভাপতিত্বের সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সানা/আপ্র/২৫/৯/২০২৬