গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

যুদ্ধের উত্তেজনার মধ্যেই তেলের বাজারে স্বস্তির খবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৮ এএম ২০২৬
যুদ্ধের উত্তেজনার মধ্যেই তেলের বাজারে স্বস্তির খবর
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচকের দাম তিন শতাংশের বেশি কমে যায়।

বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জানুয়ারির সরবরাহের দাম ৩ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ডিসেম্বরের সরবরাহের দাম ৩ দশমিক ৩৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৬৪ ডলারে নেমেছে।

সামরিক পদক্ষেপ নয়, কূটনৈতিক সমাধান চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগ করতে চান না। তিনি ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান চান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও জানান, সামরিক পদক্ষেপের বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে প্রয়োজন হলে সামরিক অভিযান সফল করার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে তিনি আত্মবিশ্বাসী।

সমঝোতার সম্ভাবনা দেখছে ইরানও

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরানও। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় দুই দিন ধরে আলোচনা হয়েছে। এসব আলোচনার পর ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, শর্তগুলো বাস্তবে কার্যকর করা হলে চুক্তিতে পৌঁছানো সম্ভব।

তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার খবর প্রকাশিত হয়।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শনিবার দেশটির সশস্ত্র বাহিনীকে যেকোনো ধরনের হুমকির জবাবে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সম্ভাব্য জবাবের ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।

তেলের বাজারে কাটেনি অনিশ্চয়তা

কূটনৈতিক আলোচনার খবরে তেলের দাম কমলেও মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত নিয়ে উদ্বেগ কাটেনি। তেলবাহী জাহাজ ও মধ্যপ্রাচ্যের শোধনাগারে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ইউক্রেনেও বেসামরিক মানুষের ওপর হামলার খবর পাওয়া যাচ্ছে।

তেলবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, এসব হামলা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আস্থা বাড়াতে পারছে না। তবে কূটনৈতিক সমাধানের আশা এখনো রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কমতে পারে। এতে তেলের দামে আরও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে পরিস্থিতি আবারও বদলে যেতে পারে।

সূত্র: সিএনবিসি

এসি/আপ্র/০২/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
০২ নভেম্বর ২০২৬

মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আ...

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোটের দাবিতে সমাবেশ
০১ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুকে হটাতে ইহুদি-আরব জোটের দাবিতে সমাবেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতা করে সরকার...

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি
০১ নভেম্বর ২০২৬

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি

ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে ইরানের সামরিক অভিযানের পরিধি আরো বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দে...

সমাবেশের পাশাপাশি কেনাকাটার আহ্বান রাহুলের
০১ নভেম্বর ২০২৬

সমাবেশের পাশাপাশি কেনাকাটার আহ্বান রাহুলের

ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে রোববার (১ নভেম্বর) কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই