চীনের উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের রাজধানী তাইইউয়ানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার প্রায় দুই ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও প্রাণহানি এড়ানো যায়নি।
চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৫৯ মিনিটে ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।
অগ্নিকাণ্ডের পর ভবনটি থেকে ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রোববার গভীর রাতে আহতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। পরে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স, সিনহুয়া
সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬