মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্বর্গে যাওয়ার শর্ত হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষ ও যাদের তিনি ঘৃণা করেন, তাঁদের ভালোবাসা ও ক্ষমা করতে বলা হলে তাতে রাজি নন তিনি। এ বিষয়ে সরাসরি প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘না’। এমনকি কিছু শত্রুকে তিনি ঘৃণা করেন এবং সব সময়ই করবেন বলেও মন্তব্য করেছেন।
রোববার (৮ নভেম্বর) রাতে সম্প্রচারিত সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।
মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একজন ধর্মবিশ্বাসী মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমি স্বর্গে যাব।’
এরপর ডাউথ্যাট তাঁকে প্রশ্ন করেন, ধরুন মৃত্যুর পর স্বর্গে প্রবেশের আগে তাঁকে শুধু একটি কাজ করতে বলা হলো- জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা বছরের পর বছর যাঁদের প্রতি তিনি ঘৃণা প্রকাশ করেছেন, তাঁদের ভালোবাসতে ও ক্ষমা করতে হবে। তিনি কি তা পারবেন?
জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তো আমি আর প্রকৃত আমি থাকব না, তাই নয় কি?’ এ সময় তিনি ওই ব্যক্তিদের ‘চরম অসৎ’, ‘খুব খারাপ মানুষ’ এবং ‘দেশের জন্য খুবই ক্ষতিকর’ বলে আখ্যায়িত করেন।
ডাউথ্যাট আবার জানতে চান, তাহলে তাঁর উত্তর ‘না’? ট্রাম্প বলেন, ‘উত্তর না। আমি সত্যি কথা বলতে চাই, না।’
সাংবাদিক এরপর বলেন, তাঁর জীবদ্দশায় কোনো আমেরিকানের জীবন ট্রাম্পের মতো এতটা সৌভাগ্যপূর্ণ ও অসাধারণ ছিল না। এত কিছু পাওয়ার পরও ঈশ্বরের বিচারাসনে দাঁড়িয়ে কয়েকজন শত্রুকে ক্ষমা করার মতো মন তাঁর হবে না কেন?
পাল্টা প্রশ্ন করে ট্রাম্প বলেন, ‘আমি কি সত্যি কথা বলতে পারি?’ এরপর তিনি বলেন, ‘সম্ভবত আমি তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি ঘৃণা করি এবং সব সময়ই করব।’
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে ট্রাম্পের বিরাগভাজন মানুষের সংখ্যা কম নয়। তাঁর দ্বিতীয় মেয়াদে তাঁদের অনেকেই আইনি তদন্ত ও বিচারের মুখে পড়েছেন। তাঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। তাঁরা হলেন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
ট্রাম্পের প্রথম মেয়াদে রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এফবিআইয়ের তদন্তের দায়িত্বে ছিলেন কোমি। গত এক বছরে তাঁর বিরুদ্ধে দুবার অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রথমবার ২০২৫ সালের সেপ্টেম্বরে এবং দ্বিতীয়বার চলতি বছরের এপ্রিলে। প্রথম মামলাটি আদালত খারিজ করে দেন। ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে করা দ্বিতীয় মামলাটি এখনো তদন্তাধীন। গত মাসে গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা করার উদ্যোগ নেয় বিচার বিভাগ। এতে তৃতীয়বারের মতো অভিযোগ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, লেটিশিয়া জেমসের কার্যালয় ২০২২ সালে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে দেওয়ানি জালিয়াতির মামলা করে সফল হয়। পরে জেমসের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি ও একটি আর্থিক প্রতিষ্ঠানকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হলেও বিচারক দুটি অভিযোগই খারিজ করে দেন।
ট্রাম্পের প্রথম সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরান বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত। ট্রাম্পের বিরাগভাজনদের মধ্যে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি হওয়া একমাত্র ব্যক্তি তিনি। গোপনীয় তথ্য নিজের কাছে রাখার অভিযোগে গত জুনে তিনি দোষ স্বীকার করেন। আগামী মাসে তাঁর সাজা ঘোষণার কথা রয়েছে। সূত্র: সিবিএস নিউজ
সানা/ডিসি/আপ্র/৯/১১/২০২৬