গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

চলছে নানা বিতর্ক

গ্রাম্য গানবাজনা বন্ধে প্রশাসনকে হুইপ জি কে গউছের নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১১ এএম ২০২৬
গ্রাম্য গানবাজনা বন্ধে প্রশাসনকে হুইপ জি কে গউছের নির্দেশ
ছবি

গত রোববার হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে গ্রাম্য গানবাজনা বন্ধের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জি কে গউছ -ছবি ভিডিও থেকে নেওয়া

নিজের নির্বাচনী এলাকায় গ্রাম্য গানবাজনা বন্ধে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তাঁর দাবি, এলাকার মানুষ এসব গানবাজনা পছন্দ করেন না। তবে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংস্কৃতিক স্বাধীনতা ও জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

গত রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জি কে গউছ। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো গ্রাম্য গানের আয়োজন, ওরস কিংবা অন্য কোনো অনুষ্ঠানে গ্রাম্য গান যেন না শোনা যায়। সম্ভব হলে পুরো জেলাতেই এ ধরনের আয়োজন বন্ধের অনুরোধ জানান তিনি।

সভায় হুইপ বলেন, ‘আর এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।’

শীত মৌসুমে ওয়াজ মাহফিল ও তাফসিরের আয়োজন বাড়বে উল্লেখ করে জি কে গউছ বলেন, এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হয় কিংবা ধর্মীয় বিষয়ে অপব্যাখ্যা ছড়ানো না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আয়োজনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও প্রশাসনকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।

বাণিজ্য মেলা, শিল্প মেলা ও বিভিন্ন মেলার আয়োজন নিয়েও আপত্তি জানান হুইপ। তাঁর বক্তব্য, এসব আয়োজনের আড়ালে অশ্লীলতা, জুয়া কিংবা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে না ঘটে, তা নিশ্চিত করতে হবে। তবে এসব মেলার আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পার্শ্ববর্তী জেলার উদাহরণ যাঁরা দেন, তাঁদের উদ্দেশে বলেন, ‘সেখানকার মানুষের চাহিদা আছে। আমাদের এলাকার মানুষের এই চাহিদা তো নাই। মানুষ তো অপছন্দ করে।’

নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে জেলা প্রশাসককে উদ্দেশ করে জি কে গউছ বলেন, ‘আমি ফরমালি আজকে ডিসি সাহেবকে অনুরোধ করব, আমরা আজকে যে আলোচনা করলাম, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, এই এলাকায় কোনোভাবেই যেন আমরা এ সমস্ত বাড়তি জঞ্জাল আমাদের কাঁধে না নিই।’

এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমসহ নানা সমস্যা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এইটা-সেইটা কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে। এগুলা সমাধান করব, না নতুনভাবে জঞ্জাল নেব?’

‘উচ্ছৃঙ্খল’ গান বন্ধের কথা বলেছেন: তবে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন হুইপ জি কে গউছ। তিনি দাবি করেন, সব ধরনের গানবাজনা বন্ধের কথা তিনি বলেননি; বলেছেন ‘উচ্ছৃঙ্খল’ গান বন্ধের কথা। তাঁর ভাষ্য, গ্রাম্য বাজার গানবাজনার স্থান নয়।

জি কে গউছ বলেন, ‘গ্রাম্য বাজারে উচ্ছৃঙ্খলতা তৈরি করে এসব গানবাজনা চলতে পারে না। এসব গানবাজনাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মারামারি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতেই গানবাজনা বন্ধে প্রশাসনকে বলেছি।’

হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে এ আসন থেকে নির্বাচিত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা: রোববার রাতে হুইপের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাঁদের অনেকেই প্রশ্ন তুলেছেন, এলাকার মানুষের সাংস্কৃতিক পছন্দ সম্পর্কে এমন সিদ্ধান্তে পৌঁছানোর ভিত্তি কী। কেউ কেউ মনে করছেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব সব শ্রেণি-পেশা ও মতের মানুষের সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা।

রামেন্দ্র দাস নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘যাঁরা গান পছন্দ করেন, তাঁরাও আপনাকে ভোট দিয়েছেন। গান পছন্দ করে না কীভাবে বুঝলেন।’

‘মাই স্কোপ’ নামের একটি আইডি থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, জনপ্রতিনিধির কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক মতাদর্শকে প্রাধান্য দেওয়া নয়; বরং সব শ্রেণি-পেশা ও মতের মানুষের অধিকার রক্ষা করা। ওয়াজ মাহফিল, গ্রাম্য গান কিংবা অন্য সাংস্কৃতিক আয়োজন-সব ক্ষেত্রেই মানুষের শান্তিপূর্ণভাবে নিজের পছন্দের অনুষ্ঠান করার স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করা হয় ওই পোস্টে।

সুমন মিয়া নামের একজন লিখেছেন, ‘আপনার কাছে এই ধরনের কথা আশা করিনি।’ সন্দীপ দাস নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘এমপি সাহেব, আপনি কী করে বুঝলেন হবিগঞ্জের মানুষ গান ভালোবাসে না। আপনাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা গান ভালোবাসেন।’

হুইপের বক্তব্যে একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণের যুক্তি তুলে ধরা হয়েছে, অন্যদিকে সাংস্কৃতিক চর্চার স্বাধীনতা ও মানুষের পছন্দের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে গ্রাম্য গানবাজনা বন্ধের নির্দেশনা ঘিরে হবিগঞ্জের বাইরেও বিতর্ক তৈরি হয়েছে।


সানা/কেএমএএ/আপ্র/৯/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষক সংকটে চট্টগ্রাম মেরিন একাডেমি, ঝুঁকিতে আন্তর্জাতিক স্বীকৃতি
০৭ নভেম্বর ২০২৬

শিক্ষক সংকটে চট্টগ্রাম মেরিন একাডেমি, ঝুঁকিতে আন্তর্জাতিক স্বীকৃতি

তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ ব্যাহত

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
০৬ নভেম্বর ২০২৬

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বলপূর্বক বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপপ্রবাহসহ নানা ধরনের জলবা...

২০২৪ সালের তাপপ্রবাহে অপরিণত শিশুর জন্ম ৫ হাজার ৫১৫টি
০৩ নভেম্বর ২০২৬

২০২৪ সালের তাপপ্রবাহে অপরিণত শিশুর জন্ম ৫ হাজার ৫১৫টি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র তাপপ্রবাহ বাংলাদেশের মাতৃ ও নবজাতকস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে