জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। নির্বাচিত হলে আইগনার হবেন জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।
রোববার (৮ নভেম্বর) নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস।
বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ৬১ বছর বয়সী ইলজে আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। দলটি বাভারিয়ায় সিডিইউর সহযোগী হিসেবে কাজ করে। আজ সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তাঁর মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা। এতে সমর্থন মিললে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ তাঁর জন্য অনেকটাই সুগম হবে।
জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোকে প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। দেশটির বর্তমান জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। এসপিডি আগেই আইগনারের প্রতি সমর্থনের কথা জানিয়েছে।
জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এ বিশেষ সম্মেলন ডাকা হয়। আগামী ৩০ জানুয়ারি সম্মেলনে ভোটের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের স্থলাভিষিক্ত হবেন।
সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২৭ সালের মার্চে তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হবে। জার্মানিতে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে, প্রতিটি পাঁচ বছরের জন্য, প্রেসিডেন্ট থাকতে পারেন।
দেশটির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি আইনে স্বাক্ষর করে তা কার্যকর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক ও নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবেও প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সিএসইউ চলতি বছরের শুরুতেই প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্ৎস বিকল্প প্রার্থীদের বিবেচনা করায় সিডিইউর সমর্থন পেতে তাঁর মনোনয়ন প্রক্রিয়ায় বিলম্ব হয়। এ নিয়ে দল দুটির মধ্যে টানাপোড়েনও তৈরি হয়েছিল।
আইগনার স্থানীয় রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হন। সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হন। সূত্র: আল-জাজিরা
সানা/ডিসি/আপ্র/৯/১১/২০২৬