জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আগামী ২২ অক্টোবরের মধ্যে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরোয়ানাভুক্ত অন্য তিন আসামি হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।
মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এস এম মইনুল করিম শুনানিতে জানান, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় পাঁচজনকে হত্যার ঘটনায় এসব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
এদিকে একই মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকেও আগামী ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
এসি/আপ্র/২০/৯/২০২৬