ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম চৌধুরী, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের ফয়সল আমিন বলেন, ‘আমার প্রত্যাশা মূলত এই ঠাকুরগাঁওকে নিয়ে। আমার একটা স্বপ্ন আছে, আমাদের সবারই একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা দেখতে চাই ঠাকুরগাঁও একটা অসাধারণ সুন্দর, বসবাসযোগ্য জনপদ হিসেবে প্রস্ফুটিত হবে। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, বেকারদের কর্মসংস্থান হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। আমরা সেই স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণের জন্য যে কাজগুলো করা দরকার, সেগুলোই আমরা করতে চাই।’
নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানিয়ে ফয়সল আমিন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পরেও উন্নয়ন শতভাগ অব্যাহত থাকবে। কারণ, যে সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে, সেই সরকারি দলেরই একজন প্রার্থী হিসেবে আমি রাজনীতিতে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, দলের মনোনয়ন নিয়ে। তো সরকারের ধারাবাহিকতা কোনোভাবেই ব্যাহত হওয়ার কোনো কারণ নেই, যদি আমি নির্বাচিত হই। এজন্য এলাকার মানুষ ও দলের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সহযোগিতা এবং সমর্থন কামনা করছি।’
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। গত ২০ সেপ্টেম্বর ফয়সল আমিনের পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।
এর আগে শনিবার ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কর্মকর্তা জানিয়েছিলেন, মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় রোববার বিকেল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল, ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয় এবং সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
সানা/আপ্র/২৭/৯/২০২৬