বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। প্রয়োজনের পাশাপাশি অভ্যাসবশত অনেকেই টয়লেটেও ফোন নিয়ে যান। সেখানে বসে ফোনে কথা বলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর অভ্যাসও রয়েছে অনেকের।
বিশেষজ্ঞদের মতে, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা সেখানে বসে ফোন ব্যবহার করা স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। বিশেষ করে কমোডে বসে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ওয়াশরুমে অপ্রয়োজনে কথা বলা অপছন্দনীয়। ইসলামী শিষ্টাচার অনুযায়ী, এটি পবিত্রতা অর্জনের নয়, বরং অপবিত্রতা ত্যাগের স্থান। তাই সেখানে অপ্রয়োজনে কথাবার্তা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
তবে বিশেষ প্রয়োজনে কথা বলা যেতে পারে। যেমন, ওয়াশরুমে পানি বা টিস্যু শেষ হয়ে গেলে কিংবা অন্য কোনো জরুরি প্রয়োজনে সাহায্য চাইতে কাউকে ডাকা যায়। অর্থাৎ, ওয়াশরুমে কথা বলা হারাম নয়; তবে অপ্রয়োজনে কথা বলাকে মাকরূহ বা অপছন্দনীয় কাজ হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ওয়াশরুমে অবস্থানকালে আল্লাহর নাম, তাঁর গুণবাচক নাম, জিকির, দোয়া, কোরআন-হাদিসের পাঠ এবং আল্লাহ, নবী বা ফেরেশতাদের নামসংবলিত কোনো লেখা উচ্চারণের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। তাই প্রয়োজন ছাড়া ওয়াশরুমে কথাবার্তা ও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকাই উত্তম।
এসি/আপ্র/৩১/১০/২০২৬