দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মার্ক উড। গণমাধ্যমে কাজ করার পাশাপাশি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলা চালিয়ে যেতে চান অভিজ্ঞ এই পেসার। ৩৬ বছর বয়সী উড ইংল্যান্ডের হয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৩ উইকেট নিয়েছেন।
দেশের ইতিহাসের অন্যতম গতিময় পেসার হিসেবে অ্যান্ড্রু উড স্মরণীয় হয়ে থাকবেন। ২০১৫ সালের অ্যাশেজ, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি।
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ার পর কেবল একটি টেস্ট খেলতে পেরেছেন উড। সেটিও গত শীতে অ্যাশেজের প্রথম ম্যাচে। এরই মধ্যে গণমাধ্যমে কাজ করেও নিজেকে ভালো একজন ব্রডকাস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ডারহ্যামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ওয়ানডেতে কাজ শুরুর আগে অবসরের ঘোষণা দেন উড।
আপাতত ডারহ্যামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা চালিয়ে যাবেন তিনি। গণমাধ্যমে কাজ করার পাশাপাশি সময়-সুযোগ পেলে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলবেন। পাশাপাশি লেভেল থ্রি কোচিংয়ের জন্য পড়াশোনা করছেন এই পেসার।
২০২৩ সালে তিন বছরের জন্য ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করেছিলেন উড। আগামী সপ্তাহে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ইসিবি চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো প্রস্তাব দেবে না—এটি জানার পরই অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
২০১৫ সালের ৮ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উডের। দ্রুতই তিন সংস্করণে খেলার সুযোগ পান তিনি। চোটের কারণে অবশ্য নিয়মিত ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে যখনই মাঠে নেমেছেন, নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই গতিময় পেসার।
ডিসি/আপ্র/২২/০৯/২০২৬