খুলনার রূপসায় গুলীবিদ্ধ হয়ে ৩২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন মো. মামুন মীর (৩৫)। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকায় তার মৃত্যু হয়।
মামুন মীর রূপসা উপজেলার বাগমারা এলাকার নেয়ামত মীরের বড় ছেলে। গত ১৮ আগস্ট রাতে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে নৈহাটী ইউনিয়নের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে নিয়ে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ওইদিন রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে নির্জন এলাকায় মামুনকে গুলি করা হয়। এতে তার মাথা ও চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মামুনকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে ৩২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
মামুনের মৃত্যুর মধ্য দিয়ে তাকে তুলে নিয়ে গুলি করার ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে তাকে লক্ষ্য করে এত কাছ থেকে মাথা ও চোখে গুলি করা হলো - এসব প্রশ্ন আরো ঘনীভূত হয়েছে। তবে এ ঘটনায় হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রূপসার বাগমারা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সানা/আপ্র/২২/৯/২০২৬