গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:২৫ এএম ২০২৬
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২
ছবি

ছবি সংগৃহীত

শেষ ওভারে জানিথ লিয়ানাগের লো ফুল টস স্কুপ করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন হ্যারি ব্রুক।

১৯৬ থেকে তিনি পৌঁছে গেলেন দুইশতে। ইংল্যান্ড অধিনায়কের নাম খোদাই হয়ে গেল ইতিহাসের পাতায়। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান। এই সংস্করণে দ্রুততম দ্বিশতকের রেকর্ডও এখন ব্রুকের। ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিনি দুইশ স্পর্শ করেন ১১৪ বলে।

আগের রেকর্ডটি ছিল শুবমান গিলের।

গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক। ২১ চার ও ১০ ছক্কায় ১১৬ বলে ২০২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল বেন স্টোকসের ১৮২, ওভালে ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে।

শুধু বাউন্ডারি (চার ও ছক্কা) থেকেই ব্রুকের রান ১৪৪, এটিও ইংল্যান্ডের রেকর্ড।

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জস বাটলারের ১৫০ রানের ইনিংসে বাউন্ডারি থেকে এসেছিল আগের রেকর্ড ১২৪। ব্রুকের শুরুটা ছিল মন্থর। প্রথম ২৪ বলে তার রান ছিল ১৩। রানের গতি বাড়িয়ে পরের ৫১ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। সেখান থেকে দেড়শতে যেতে লাগে ২২ বল, পরের ১৭ বলে পা রাখেন দুইশতে। অর্থাৎ সেঞ্চুরি থেকে ডাবলে যেতে লাগে স্রেফ ৩৯ বল।


রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে টম ব্যান্টন ও বেন ডাকেটের ৭৪ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পায় ইংল্যান্ড।

দুনিথ ওয়েলালাগের পরপর দুই ওভারে এই দুজনের বিদায়ের পর ১৭তম ওভারের শুরুতে ক্রিজে যান ব্রুক। প্রথম ২৪ বলে ১৩ রানের পর, কামিন্দু মেন্ডিসকে টানা দুটি ছক্কায় ডানা মেলেন তিনি। পঞ্চাশ পূর্ণ করেন ৪২ বলে। ৬৬ বলে ৬৯ রান করে বিদায় নেন জো রুট। থামে ১২৭ বলে ১৫৯ রানের জুটি।

উইল জ্যাকসের সঙ্গে জুটি বেঁধে ব্রুক চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ৭৫ বলে।

এই শ্রীলঙ্কার বিপক্ষেই গত জানুয়ারিতে করা নিজের আগের সর্বোচ্চ ১৩৬ ছাড়িয়ে যান তিনি। লঙ্কান বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৯৭ বলে দেড়শতে পৌঁছে যান ২৭ বছর বয়সি ব্যাটসম্যান। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে আগের সর্বোচ্চ ২০১১ বিশ্বকাপে অ্যান্ডু স্ট্রাউসের ১৫৮ ছাড়িয়ে দ্রুতগতিতে এগিয়ে যান ব্রুক। ৪৭তম ওভারের শেষ দুই বলে ইশান মালিঙ্গাকে দুটি চার মেরে তার রান হয়ে যায় ১৭৭।

পরের আট বলে আর স্ট্রাইক পাননি তিনি। এই সময়ে তিনটি ছক্কা ও দুটি চার মারেন জ্যাকস।

৪৯তম ওভারের তৃতীয় বলে স্ট্রাইক পেয়েই দিলশান মাদুশাঙ্কাকে ছক্কা হাঁকিয়ে স্টোকসের ১৮২ রান ছাড়িয়ে যান ব্রুক। ওই ওভারের শেষ বলে ১৮৫ রানে আউট হতে পারতেন তিনি, কিন্তু ক্যাচ নিতে পারেননি ফিল্ডার।

১৮৬ রান নিয়ে শেষ ওভার শুরু করে লিয়ানাগের প্রথম বলে ছক্কায় ওড়ান ব্রুক।

পরের দুই বলে নেন দুটি করে রান। আর চতুর্থ বলে চার মেরে পৌঁছে যান ডাবল সেঞ্চুরির ঠিকানায়। শেষ বলে থামে ব্রুকের দুর্দান্ত ইনিংস। জুটি থামে ৭৯ বলে ১৮৫ রানে। আট চার ও তিন ছক্কায় জ্যাকস অপরাজিত রয়ে যান ৩০ বলে ৬৬ রানে।

৫০ ওভারে ইংল্যান্ড তোলে ৪ উইকেটে ৪২৯ রান।

এই সংস্করণে যা তাদের চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে এতদিন চারশ রানের সংগ্রহও ছিল না ইংল্যান্ডের। ২০১৮ সালে কলম্বোয় ৩৫৭ রান ছিল আগের সর্বোচ্চ। ওয়েলালাগে ৫৬ রানে দুটি উইকেট নিতে পারলেও, শ্রীলঙ্কার অন্য বোলাররা প্রচুর রান দিয়েছেন। ১০ ওভারে মালিঙ্গা দিয়েছেন ৯১, মাদুশাঙ্কা ৮৯। দাসুন শানাকা ৬ ওভারেই দিয়েছেন ৭৪।

ডিসি/ আপ্র/২২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
২২ অক্টোবর ২০২৬

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

রহস্যের বার্তা নিয়ে জাতীয় দলে এসে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলেন আলিস আল ইসলাম।ওয়ানডে অভিষেকে খরুচে ব...

রান তাড়ার রেকর্ড গড়ে এগিয়ে গেল ভারত
২২ অক্টোবর ২০২৬

রান তাড়ার রেকর্ড গড়ে এগিয়ে গেল ভারত

গ্লেন ফিলিপসের বিস্ফোরক ইনিংসে প্রতিপক্ষকে রান তাড়ার রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ল নিউ জিল্যান্ড।সেই ল...

ভারতের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
২২ অক্টোবর ২০২৬

ভারতের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা ছিল, সেই চাওয়ার অন্তত কিছুটা পূরণ করলেন মিষ্টি-আলপনারা।বে...

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের
২২ অক্টোবর ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

ফাইনালে উঠতে জয়ের বিকল্প ছিল না। টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ৪১ রানের ব্যবধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে