তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি খাল পরিদর্শন করেন এবং বস্তা ফেলে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, বিরোধী দলের মধ্যে নানা ধরনের অপকর্ম ও নারীঘটিত ঘটনা রয়েছে। ফেসবুক খুললেই জামায়াত-শিবিরের অপকর্ম দেখা যায় বলেও তিনি দাবি করেন। জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় অল্প বয়সী এক নারী ফাঁসিতে যেতে বাধ্য হয়েছেন।
এ্যানি আরো বলেন, তারেক জিয়ার নেতৃত্বে সরকার গঠনের সাত মাস হয়েছে। তারা যেদিন শপথ নিয়েছেন, সেদিন বিরোধীরা উপস্থিত ছিল না। মতের ভিন্নতা ও বিভিন্ন বক্তব্য থাকতেই পারে। তবে তার অভিযোগ, বিরোধীরা ‘ফ্যাসিস্ট কায়দায়’ ১৯৯৬ সালের মতো রাজনৈতিক শক্তির সঙ্গে সখ্য গড়ে তুলছে।
আগামী ছয় মাস দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। জামায়াত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লক্ষ্মীপুরে নদী ও খালের ভাঙন রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে পানি সম্পদমন্ত্রী জানান, বিশ্বব্যাংক খালের ভাঙন রোধে ব্লক দিয়ে বাঁধ নির্মাণের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাফি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৬/৯/২০২৬