মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা বিভাগের জেলাগুলোতে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের ১২টি উপজেলায় একযোগে পাঁচ হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি খাস জমিতে এসব চারা রোপণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল পৌর উদ্যানে বিলুপ্তপ্রায় দেশীয় বনজ প্রজাতির একটি মহুয়া গাছের চারা রোপণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।
বৃক্ষরোপণকালে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, পরিবেশবান্ধব দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণ বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। বিশেষ করে মহুয়াসহ যেসব দেশীয় প্রজাতির গাছ ক্রমশ বিলুপ্তির পথে, পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সেসব প্রজাতিকে আবারো প্রকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব।
জেলার ১২টি উপজেলায় একযোগে পাঁচ হাজার চারা রোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের এ উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬