নরসিংদী সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় বাধা দিতে গিয়ে ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার (২ অক্টোবর) বিকালে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বাবু ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায় ফুচকা বিক্রেতা। আহতরা হলেন রুবেল (৩০) ও মিরাজ (২০)। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লালের পক্ষের লোকজনের সঙ্গে হেলালের পক্ষের লোকজনের বিরোধ চলছিল। আগে আবু লাল ও হেলাল একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। উভয়পক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার বিকালে আবু লালের পক্ষের কয়েকজন লোক ওই বাড়িতে ঢুকে বাবুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে বাবুর বড় ভাই রুবেল এবং অপরপক্ষের মিরাজ ধারাল অস্ত্রের আঘাতে আহত হন।
ঘটনার পর গুরুতর আহত বাবুকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল ও মিরাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি এ আর এম আল মামুন বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাবুর লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আহত মিরাজকে আটক করা হয়েছে।
সানা/আপ্র/২/১০/২০২৬