গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জ্বালানি তেলের দামে আইসিডি চার্জ বাড়লো ৯ দশমিক ৮৫ শতাংশ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৪৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৯ এএম ২০২৬
জ্বালানি তেলের দামে আইসিডি চার্জ বাড়লো ৯ দশমিক ৮৫ শতাংশ
ছবি

ছবি সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে চট্টগ্রামের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো বা অফডকগুলোর বিভিন্ন সেবার চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানো হয়েছে। সর্বশেষ কার্যকর হারের ওপর এই জ্বালানি সারচার্জ আরোপ করেছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)। একই দিন থেকে নতুন বর্ধিত হার কার্যকর হয়েছে। এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো আইসিডি চার্জ বাড়ানোয় আমদানি-রপ্তানি বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বিকডা সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, সরকার ২১ সেপ্টেম্বর থেকে ডিজেলের দাম ১৭ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এতে বেসরকারি আইসিডি পরিচালনার জ্বালানিনির্ভর বিভিন্ন খাতে ব্যয় বেড়েছে। এই অতিরিক্ত ব্যয় সমন্বয়ের জন্য সর্বশেষ পর্যালোচিত হারের ওপর ৯ দশমিক ৮৫ শতাংশ জ্বালানি সারচার্জ আরোপ করা হয়েছে।

নতুন বর্ধিত হারের আওতায় চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন, খালি কনটেইনার ওঠানো-নামানো, রপ্তানি পণ্য কনটেইনারে ভর্তি ও হ্যান্ডলিং, ভেরিফায়েড গ্রস মাস এবং আমদানি পণ্য ডেলিভারি প্যাকেজ চার্জ রয়েছে।

বিকডা জানিয়েছে, রপ্তানি প্যাকেজ চার্জের মধ্যে খালি কনটেইনার ইয়ার্ডে নেওয়া, সিএফএস শেডে পরিবহন, কনটেইনারে পণ্য ভর্তি, লোড ইয়ার্ডে নেওয়া এবং সেখান থেকে চট্টগ্রাম বন্দর বা পতেঙ্গা কনটেইনার টার্মিনালে পরিবহনের মতো সেবা অন্তর্ভুক্ত। আর আমদানি প্যাকেজ চার্জের মধ্যে বন্দর বা পতেঙ্গা কনটেইনার টার্মিনাল থেকে আইসিডিতে কনটেইনার আনা, আইসিডিতে নামানো, ডেলিভারি ইয়ার্ডে রাখা এবং শ্রমিকদের মাধ্যমে ট্রাক বা অন্যান্য পরিবহনে পণ্য সরবরাহের কার্যক্রম রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সভার পর বেসরকারি আইসিডিগুলোর রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিংয়ের সংশোধিত চার্জ কার্যকর হয়। পরে ১৯ এপ্রিল থেকেও নতুন ট্যারিফ কার্যকর করা হয়। ফলে এক বছরের মধ্যে তিন দফায় আইসিডি চার্জ বাড়লো।

চট্টগ্রাম বন্দরের রপ্তানি পণ্যের শতভাগ কনটেইনার হ্যান্ডলিং এবং আমদানির ৬৮ ধরনের পণ্য ডেলিভারি বর্তমানে বেসরকারি আইসিডির মাধ্যমে হয়ে থাকে। ফলে অফডক চার্জ বৃদ্ধির প্রভাব সরাসরি আমদানি-রপ্তানি বাণিজ্যে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব আলোচনা বা যৌথ বৈঠক ছাড়াই একতরফাভাবে অফডক চার্জ বাড়ানো হয়েছে। এতে উৎপাদন ও লজিস্টিকস ব্যয় আরো বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এক ব্যবসায়ী বলেন, আলোচনা ছাড়া এভাবে হঠাৎ করে চার্জ বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে ব্যবসার খরচ অনেকটাই বেড়ে যাবে। এর চূড়ান্ত প্রভাব পড়বে দেশের প্রধান রপ্তানি খাতে। বায়াররা অর্ডার কমিয়ে দিলে বা অন্য দেশে চলে গেলে তার দায় কে নেবে?

চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, পোশাক খাতের টেকসই অগ্রগতির জন্য বন্দর, অফডক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় থাকা জরুরি। এককভাবে আলোচনা ছাড়া কোনো চার্জ নির্ধারণ করা হলে পুরো সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়। কারণ আগের মূল্যে পোশাক রপ্তানি হচ্ছে। এখন এক নোটিশে চার্জ বৃদ্ধি কার্যকর হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিচালন ব্যয় সমন্বয়ের জন্য চট্টগ্রাম বন্দরের কাছে চিঠি দিয়েছে বার্থ শিপ হ্যান্ডলিং অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, ২০২২ সাল থেকে গত চার বছরে জ্বালানি তেলের দাম প্রায় ৬৯ শতাংশ বেড়েছে। ফলে তাদের পরিচালন ব্যয়ও বেড়েছে।

তবে বার্থ অপারেটররা সরাসরি চার্জ বাড়ানোর পরিবর্তে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছে।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে আইসিডিগুলোর পরিচালন ব্যয় সরাসরি বেড়েছে। এ কারণে ডিজেলনির্ভর সেবাগুলোর বিপরীতে বর্ধিত চার্জ কার্যকর করা হয়েছে।
সানা/আপ্র/২৩/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর ২০২৬

দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বাসের ভাড়া বাড়ছে। দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ৮ পয়সা এবং রাজধানীসহ...

প্রভিডেন্ট ফান্ডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
২২ সেপ্টেম্বর ২০২৬

প্রভিডেন্ট ফান্ডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফে জমা টাকার ওপর সর্বোচ্চ ১...

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার
২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ৩৬ শতাংশ। অর্থাৎ চাকরির বাজারে প্রবেশ করা প্রতি ১...

জ্বালানি তেলের দাম বাড়ায় চাপে সাধারণ মানুষ
২১ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় চাপে সাধারণ মানুষ

জ্বালানি তেলের দাম বাড়ায় নতুন করে চাপে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে রাইড শেয়ারিংয়ের বাইকচালকসহ বিভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 25 মিনিট আগে