গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বন্ধ পাটকল চালুর উদ্যোগ, কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৮ এএম ২০২৬
বন্ধ পাটকল চালুর উদ্যোগ, কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে বেসরকারি খাতে ইজারা দেওয়া ১৭টি পাটকলের মধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এতে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকারের পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং অব্যবহৃত সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বন্ধ পাটকলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। এর অংশ হিসেবে বিজেএমসির অধীন আরও তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে।

পাটকল তিনটি হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের এমএম জুটমিল, রাঙ্গুনিয়ার কেএফডি লিমিটেড এবং নরসিংদীর পলাশের কো-অপারেটিভ জুটমিল।

তিন পাটকলে বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি দুটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকলের ইজারা চুক্তি করেছে সরকার।

এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ পেয়েছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড। অন্যদিকে হ্যামকো গ্রুপ পেয়েছে খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড।

চুক্তি অনুযায়ী, দীর্ঘদিন বন্ধ থাকা এই তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হবে। মিলগুলোতে প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এগুলো চালু হলে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। পাশাপাশি বার্ষিক মোট আয় প্রায় এক হাজার ১৭৫ কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলসে প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। মিলটি চালু হলে পাঁচ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক মোট আয় প্রায় ৫০০ কোটি টাকা।

খুলনার দিঘলিয়ায় স্টার জুট মিলসে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মিলটি চালু হলে পাঁচ হাজার ২৩৮ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এখান থেকেও বছরে প্রায় ৫০০ কোটি টাকা মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে খুলনার খালিশপুরে প্লাটিনাম জুবিলী জুট মিলসে প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলটি চালু হলে কমপক্ষে এক হাজার ১৫৩ জনের কর্মসংস্থান হতে পারে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক মোট আয় প্রায় ১৭৫ কোটি টাকা।

২৫ পাটকলের মধ্যে ১৭টির ইজারা সম্পন্ন

বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, সংস্থাটির মালিকানায় বর্তমানে ২৫টি পাটকল রয়েছে। ধারাবাহিক লোকসান এবং বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় এসব পাটকল বন্ধ করে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তিনি বলেন, ২৫টি পাটকলের মধ্যে ২০টি বেসরকারি খাতে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৭টির ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। অবশিষ্ট তিনটির ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাকি পাঁচটি পাটকলের মধ্যে ঢাকার ডেমরার করিম জুট মিলস লিমিটেড ও লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেড বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। প্রতিষ্ঠান দুটির জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

মামুনুর রশিদ আরো জানান, চট্টগ্রামের বিডিসিএফ বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরি লিমিটেড এবং খুলনার আলিম জুটমিলস লিমিটেড নিয়ে মামলা চলছে।

এ ছাড়া সীতাকুণ্ডের আমিন জুটমিলস ফেরত পাওয়া গেছে। ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠান আগামী ডিসেম্বরের মধ্যে সেখানে উৎপাদন কার্যক্রম শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে।

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগ

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ২০২০ সালে তৎকালীন সরকার বিজেএমসির পাটকলগুলো বন্ধ করে দেয়। চলতি বছর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বন্ধ পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতিকে গতিশীল করা এবং অব্যবহৃত সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

প্রতিমন্ত্রী জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে স্বচ্ছ দরপত্রের মাধ্যমে পাটকলগুলো ইজারা দেওয়া হচ্ছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সরকার।

পরিবেশবান্ধব পাটের ব্যবহার বাড়াতে বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। পাট ও পাটজাত পণ্য উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর জন্য ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রীর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে পাটের ব্যবহার বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা সম্ভব হবে।

পাটপণ্যের বাজার সম্প্রসারণেও গুরুত্ব

পাটের বহুমুখী ব্যবহার সম্প্রসারণে পাটপণ্য বহুমুখীকরণ উন্নয়ন কেন্দ্র কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকারি প্রণোদনার পাশাপাশি দেশে-বিদেশে পাটপণ্যের প্রদর্শনী আয়োজন, হস্তশিল্পীদের প্রশিক্ষণ এবং বিদেশে বাংলাদেশ মিশনের মাধ্যমে নতুন বাজার সম্প্রসারণে সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে ধারাবাহিক লোকসান ও প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার কারণ দেখিয়ে ২০২০ সালের ১ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার বিজেএমসির আওতাধীন ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়।

সে সময় প্রায় ২৫ হাজার স্থায়ী শ্রমিককে বিশেষ অবসর সুবিধার আওতায় পাওনা পরিশোধ করা হয়। পরে বন্ধ পাটকলগুলো পাঁচ থেকে ২০ বছর মেয়াদে বেসরকারি খাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, বন্ধ পাটকলগুলো পর্যায়ক্রমে চালু হলে শিল্প খাতে উৎপাদন ও বিনিয়োগ বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব পাটপণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

সূত্র: আরটিভি নিউজ।

এসি/আপ্র/২৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬

২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আ...

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের (প্রায় ৮ হাজার ৬২...

বাড়ি নির্মাণে ঋণ পাবে ৪০ হাজার পরিবার
২৭ সেপ্টেম্বর ২০২৬

বাড়ি নির্মাণে ঋণ পাবে ৪০ হাজার পরিবার

১০ কোটি ডলারের একটি নমনীয় ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়...

রাজস্ব বাড়াতে এনবিআরের বড় পরিকল্পনা
২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজস্ব বাড়াতে এনবিআরের বড় পরিকল্পনা

কর প্রশাসনে বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, করদাতা সেবার মানোন্নয়ন এবং কর পরিপালন নিশ্চি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে