রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন ১০ জন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দিয়েছে সরকার। মহাব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি দিয়ে তাদের নিজ নিজ ব্যাংক ও অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশেও (আইসিবি) একজন মহাব্যবস্থাপককে ডিএমডি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিমকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হককে একই ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিনকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁকে জনতা ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজমকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক শাহীনূর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হাসান ইমামকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি করা হয়েছে।
সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা ও সাফায়েত হোসেন পাটওয়ারীকে একই ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
সানা/আপ্র/৯/১০/২০২৬