গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতির প্রতি অবমাননাকারীদের শাস্তি নিশ্চিত করুন

খান মুহঃ আশরাফুল আলম

খান মুহঃ আশরাফুল আলম

প্রকাশিত: ২০:৪১ পিএম, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০২ এএম ২০২৬
মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতির প্রতি অবমাননাকারীদের শাস্তি নিশ্চিত করুন
ছবি

মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতির প্রতি অবমাননাকারীদের শাস্তি নিশ্চিত করুন

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা শুধু একটি ভাস্কর্য অবমাননার ঘটনা নয়; বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও জাতীয় আত্মপরিচয়ের ওপর সরাসরি আঘাতের প্রতীক। যিনি ১৯৭১ সালে জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতার পথ সুগম করেছিলেন, তার স্মৃতির প্রতি এমন অসম্মান একটি সভ্য ও স্বাধীন রাষ্ট্রে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। মুক্তিযুদ্ধের বীরদের স্মৃতিচিহ্ন জাতির কাছে কেবল পাথর, ধাতু বা নির্মাণকাঠামো নয়- এসবের সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের আত্মত্যাগ, নির্যাতন, বাস্তুচ্যুতি ও একটি স্বাধীন রাষ্ট্র অর্জনের ইতিহাস। তাই কোনো ভাস্কর্য বা স্মৃতিসৌধে জুতার মালা পরানোকে নিছক রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখার সুযোগ নেই। মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার গণতন্ত্রের মৌলিক ভিত্তি। কিন্তু ওই অধিকার কখনোই জাতীয় বীরের মর্যাদা ক্ষুণ্ন করার লাইসেন্স হতে পারে না; বিশেষত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মতো একজন শহীদের স্মৃতির প্রতি অবমাননা আমাদের বিবেক ও ইতিহাসবোধকে প্রশ্নের মুখে দাঁড় করায়।

বলার অপেক্ষা রাখে না, মুক্তিযুদ্ধের স্মৃতি ও প্রতীক ঘিরে অবমাননার ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে না; নানা সময়ে নানা কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত, খাটো বা বিকৃত করার চেষ্টা দেখা যায়। মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, রাষ্ট্র পরিচালনা নিয়ে তীব্র বিতর্কও স্বাভাবিক। কিন্তু মুক্তিযুদ্ধের মৌলিক সত্য, শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতার ইতিহাসকে দলীয় প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে রাখা জরুরি। দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কখনো অতিরঞ্জিত, কখনো খণ্ডিত ও কখনো রাজনৈতিক বয়ানের প্রয়োজন অনুযায়ী উপস্থাপন করা হয়েছে। ফলে নতুন প্রজন্মের একটি অংশ ইতিহাসের গভীরতা ও মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও ইতিহাসবিরোধী বক্তব্যও এই বিভ্রান্তিকে বাড়িয়ে তুলছে। কোনো স্মৃতিস্তম্ভ অবমাননার পর সাময়িক ক্ষোভ প্রকাশ করে বিষয়টি ভুলে গেলে চলবে না। যারা এমন কাজ করে; তাদের রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যা-ই হোক, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্কুল-কলেজের পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধকে শুধু পরীক্ষার বিষয় না বানিয়ে মানবিকতা, দেশপ্রেম, ত্যাগ ও অসাম্প্রদায়িকতার মূল্যবোধ হিসেবে তুলে ধরতে হবে।

বলা বাহুল্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর মতো ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। একটি জাতি তার ইতিহাসকে যত বেশি ভুলে যায়, তার অর্জন ও আত্মপরিচয় তত বেশি অনিরাপদ হয়ে পড়ে। মুক্তিযুদ্ধ কোনো দলের সম্পত্তি নয়; বাংলাদেশের রাষ্ট্রজন্মের ইতিহাস ও জনগণের সম্মিলিত আত্মত্যাগের চূড়ান্ত স্মারক। তাই মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি সম্মান দেখানো মানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতের প্রতি আনুগত্য প্রকাশ করা নয়, বরং নিজের রাষ্ট্রের ভিত্তিকে সম্মান করা। একইভাবে মুক্তিযুদ্ধের নামে অন্যায়, দুর্নীতি বা রাজনৈতিক দমন-পীড়নের সমালোচনা করাও অপরাধ নয়; বরং গণতান্ত্রিক সমাজে তা প্রয়োজনীয়। কিন্তু সমালোচনা ও অবমাননার সীমারেখা স্পষ্ট হওয়া দরকার। এখন প্রয়োজন প্রতিশোধের রাজনীতি নয়; আইনের শাসন, ইতিহাসের নিরপেক্ষ চর্চা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে অর্থবহ করে তোলা। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজকে স্পষ্ট বার্তা দিতে হবে- মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, প্রতিবাদের অধিকার থাকবে। কিন্তু শহীদের মর্যাদা ও জাতীয় ইতিহাসের স্মৃতিচিহ্ন ধ্বংস বা অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমারের প্রত্যাশা, মুক্তিযুদ্ধে শহীদস্মৃতির প্রতি অবমাননাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করবে সরকার।

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

অনুতাপের শর্তে পুনর্মিলন, সহাবস্থানে ফিরুক রাজনীতি
০৮ অক্টোবর ২০২৬

অনুতাপের শর্তে পুনর্মিলন, সহাবস্থানে ফিরুক রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে ‘রিকনসিলিয়েশন’ বা ‘পুনর্মিলন’ শব্দটি এখন নিছক রাজনৈতিক সমঝোতার প্রশ্ন নয়; এটি র...

বোমা হামলার হুমকি: নিরাপত্তায় আত্মতুষ্টির সুযোগ নেই
০৭ অক্টোবর ২০২৬

বোমা হামলার হুমকি: নিরাপত্তায় আত্মতুষ্টির সুযোগ নেই

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনা নিছক আতঙ্ক সৃষ্টির একটি বিচ...

এলপিজির বাজারে অরাজকতা নিয়ন্ত্রণের দায়িত্ব কার
০৬ অক্টোবর ২০২৬

এলপিজির বাজারে অরাজকতা নিয়ন্ত্রণের দায়িত্ব কার

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বাজারে যে চিত্র এখন দৃশ্যমান, তা নিছক মূল্যবৃদ্ধির ঘটনা নয়; এটি বাজার ব্...

শান্তির নামে শক্তির প্রদর্শন, বিশ্বকে কোথায় ঠেলে দিচ্ছেন ট্রাম্প?
০৫ অক্টোবর ২০২৬

শান্তির নামে শক্তির প্রদর্শন, বিশ্বকে কোথায় ঠেলে দিচ্ছেন ট্রাম্প?

যুদ্ধের অবসান কবে হবে? শান্তি কি সত্যিই ফিরবে? নাকি বিশ্বকে আরো দীর্ঘ, আরো বিস্তৃত এবং আরো অনিশ্চিত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই