যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি বাড়িতে পোষা কুকুরের আক্রমণে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ পরিবারের আরো সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে এ ঘটনায় করা মামলায় সোমবার (১৪ সেপ্টেম্বর) শিশুটির বাবা অস্টিন কিনজিকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় একটি আদালত। খবর দ্য সানের।
জানা যায়, পরিবারের পোষা কুকুর ‘চম্প’ মাত্র এক সপ্তাহ বয়সী জেসন অ্যান্থনি উইভারকে অন্তত ১৮০ বার কামড় দেয়। এতে শিশুটির মাথাসহ পুরো শরীরে গুরুতর জখম হয়। কুকুরের কামড়ে তার পাঁজর ভেঙে যায় এবং মস্তিষ্ক ও ফুসফুসেও আঘাত লাগে।
পুলিশ পরিবারের সদস্যদের গ্রেফতার করতে গিয়ে বাড়িটির ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায়। ঘরজুড়ে ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের পোকামাকড় ছিল।
শিশুটির বাবা অস্টিন কিনজি পুলিশকে জানান, ঘটনার সময় তিনিও নবজাতকের কক্ষে ছিলেন। তিনি প্রথমে কিছুক্ষণ ভিডিও গেম খেলেন। পরে অল্প সময়ের জন্য পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলতে কক্ষের বাইরে যান। তখনই শিশুটির ওপর কুকুরটি হামলা চালায়।
পরে শিশুটির দাদা টিমোথি কিনজি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। কক্ষে গিয়ে তিনি দেখতে পান, পরিবারের পোষা কুকুরটি শিশুটিকে টেনে নিয়ে যাচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে সিপিআর দেওয়ার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এক পুলিশ কর্মকর্তা বলেন, বাড়িটির ভেতরে এত বেশি ময়লা ছিল যে পুলিশ সদস্যদের সেখানে হেঁটে ঢুকতেও কষ্ট হচ্ছিল।
পরিবারের সদস্যদের দাবি, পোষা কুকুরটি নবজাতকটিকে পছন্দ করত। তবে কুকুরটি হয়তো শিশুটির প্রতি ঈর্ষান্বিত হয়ে হামলা করে থাকতে পারে। এর আগেও কুকুরটি অন্যান্য পশুপাখির প্রতি আগ্রাসী আচরণ করেছিল এবং কয়েকজনকে কামড়েছিল।
এসি/আপ্র/১৭/৯/২০২৬