ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ৭০০-তে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে হাসপাতালটিতে নতুন করে আরও ২০০ শয্যা যুক্ত হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদনের কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ৭০০-তে উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
দেশে ক্যানসার রোগীদের চিকিৎসায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। শয্যা সংখ্যা বাড়ানোর ফলে প্রতিষ্ঠানটির মাধ্যমে ক্যানসার রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরো সম্প্রসারিত হবে।
মন্ত্রণালয়ের আদেশে আরো বলা হয়েছে, বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট যাবতীয় বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্য সেবা বিভাগ এ প্রশাসনিক অনুমোদন দিয়েছে।
এসি/আপ্র/১৭/৯/২০২৬