সুইডেনের জাতীয় নির্বাচনে মধ্য-বাম বিরোধীদলীয় জোট জয় পেয়েছে। ক্ষমতাসীন ডানপন্থি জোটকে হারিয়ে ৩৪৯ আসনের পার্লামেন্ট রিক্সদাগে ১৭৬টি আসন পেয়েছে বিরোধীরা। ক্ষমতাসীন জোট পেয়েছে ১৭৩টি আসন। চূড়ান্ত ভোট গণনা শেষে বৃহস্পতিবার এ ফলাফল নিশ্চিত করেছে সুইডেনের নির্বাচন কর্তৃপক্ষ।
এর মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টেরশন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার পার্লামেন্টের স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বিরোধীদলীয় জোটের নেতৃত্বে রয়েছে মাগদালেনা আন্দারশনের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি। জোটের শরিক দলগুলোর মধ্যে রয়েছে বাম পার্টি, গ্রিন পার্টি ও সেন্টার পার্টি। অন্যদিকে ক্রিস্টেরশনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটে রয়েছে মডারেট পার্টি, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও লিবারেলস।
সুইডেনের ৩৪৯ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ১৭৫ আসন। ফলে বিরোধী জোট ১৭৬ আসন পেয়ে এক আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় ৫০ হাজার।
প্রাথমিক ভোট গণনার সময় ব্যবধান আরও কম ছিল। বুধবার ৯৯ শতাংশ ভোট গণনার পর বিরোধী জোট ১৭৫ এবং ক্ষমতাসীন জোট ১৭৪ আসনে এগিয়ে ছিল। তখন দুই পক্ষের ভোটের ব্যবধান ছিল ২৬ হাজার ১৬৯। পরে বাড়ি ও বিদেশ থেকে আসা ভোট গণনা শেষে বিরোধীদের আসন বেড়ে ১৭৬ এবং ক্ষমতাসীনদের ১৭৩ হয়।
নির্বাচনের ফলাফল মাগদালেনা আন্দারশনের আবার প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি করেছে। তবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সহজ হবে না। বিরোধী জোটের শরিক দলগুলোর মধ্যে সরকার গঠন ও মন্ত্রিসভায় কারা থাকবে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। ফলে সরকার গঠনে আলোচনার প্রয়োজন হবে।
সুইডেনের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া ২৯ সেপ্টেম্বরের আগে শুরু হতে পারে। নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত ক্রিস্টেরশন ও তার মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।
সূত্র: রয়টার্স
ডিসি/ আপ্র/১৭/০৯/২০২৬