দুই বাড়ির দেওয়ালের মাঝে আটকে ছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ। বহু চেষ্টাতেও বের হতে পারেননি। শেষ পর্যন্ত উদ্ধারের জন্য ডাকতে হয় ফায়ার ব্রিগেডকে। শ্বাসরুদ্ধকর অভিযান শেষে মুক্ত হন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের পালঘরে।
শনিবার (৩ অক্টোবর) পালঘরের ভিমালি নগরের নাভলিতে ভোরের দিকে এ ঘটনা ঘটে।
বিনোদ বিষ্ণু নামের ওই বৃদ্ধ যে দুই দেওয়ালের মাছে আটকে ছিলেন তাদের মধ্যকার দূরত্ব এক ফুটেরও কম ছিল বলে জানা যায়। তাকে ফায়ার ব্রিগেড কর্মীদের উদ্ধারের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তার আটকে থাকার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পালঘর ফায়ার ব্রিগেড টিম। তারা পরীক্ষা করে দেখেন যে সরাসরি ওই বৃদ্ধকে সেখান থেকে টেনে বের করা সম্ভব নয়। পরে তারা দুই বাড়ির একটির ভেতর থেকে দেওয়াল ভেঙে ওই বৃদ্ধকে উদ্ধারের রাস্তা তৈরি করেন। পরে তাকে সফলভাবে সেখান থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ওই বৃদ্ধকে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য পালঘর সরকারি হাসপাতালে নেওয়া হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়াদের মধ্যে ছিলেন লিডিং ফায়ারম্যান রুচিত দাভানে, গাড়িচালক নিলেশ প্যাটেল, ফায়ারম্যান সংকেত পাতিল, রুপেশ পামালে এবং মোহানিশ পাগড়ারে।
সূত্র: এনডিটিভি
এসি/আপ্র/০৪/১০/২০২৬