শত্রুপক্ষের যে কোনো সম্ভাব্য হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। শনিবার (৩১ অক্টোবর) সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
শত্রুপক্ষের সঙ্গে বড় ধরনের সংঘাত মোকাবিলায় বুদ্ধিদীপ্ত সামরিক প্রস্তুতিকে সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা অর্জনের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন খামেনি। তিনি বলেন, শত্রুরা আবারো সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে সেই সংঘাতের সমাপ্তির সময় ও শর্ত নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জনগণ।
বৈঠকে ইরানের সামরিক তথ্যব্যবস্থা আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন সর্বোচ্চ নেতা। একই সঙ্গে সামরিক মতবাদ ও কৌশলের ক্ষেত্রে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের আহ্বান জানান তিনি।
নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা উন্নয়নের বিষয়েও আলোচনা করেন খামেনি। তার নির্দেশনার অংশ হিসেবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান ও অদৃশ্য সব ধরনের সম্পদ ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সূত্র: ইরনা ও আল জাজিরা।
সানা/কেএমএএ/আপ্র/৩১/১০/২০২৬