সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদি আরবগামী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকা থেকে মোট পাঁচটি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সৌদি আরবের বিমানবন্দরে হুথির হামলার ঘটনার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ঢাকা থেকে সৌদি আরবগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন এয়ারলাইনসের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটও এর আওতায় পড়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪ ফ্লাইটের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।
এর আগে শনিবার রাতে জরুরি বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত থাকবে। এ দুটি ফ্লাইটে বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল শনিবার বেলা ৩টা ১০ মিনিট। তবে এটি শনিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে বলে জানিয়েছে বেবিচক।
এসি/আপ্র/১১/১০/২০২৬