লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (৭৯) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ। তিনি জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ল্যাবএইড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন হারুনুর রশিদ।
স্বজনরা জানান, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। ঢাকার ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সানা/আপ্র/১০/১১/২০২৬