গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

৬৭৩ মামলার আসামি শেখ হাসিনা, একটিতে মৃত্যুদণ্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৪০ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৫৮ এএম ২০২৬
৬৭৩ মামলার আসামি শেখ হাসিনা, একটিতে মৃত্যুদণ্ড
ছবি

শেখ হাসিনা -ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৫৭টি হত্যা মামলা। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এসব মামলার বাইরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া একই ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আরো ছয়টি মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।

গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা। কূটনৈতিক সূত্রের বরাতে একটি শীর্ষস্থানীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে এবং সেটি ঢাকায় পাঠিয়েছে। তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না। এ পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে থাকা মামলা, মৃত্যুদণ্ড এবং দেশে ফিরিয়ে আনার বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদনও করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে এখনো রেড নোটিশ জারি হয়নি।

গত ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্যও আবেদন করা হয়েছে।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেননি
যে মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, সেই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১৩ জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আপিলের সময়সীমা পার হয়ে যাওয়ায় তাঁর আর আপিল করার সুযোগ নেই।

মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এতে দুই দণ্ডিত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের আরো ছয় মামলা বিচারাধীন
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আরো ছয়টি মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে এবং চারটি মামলা অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। সব কটি মামলাতেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় করা একটি মামলায় শেখ হাসিনাসহ আসামি ১৭ জন। তাঁদের মধ্যে বর্তমান ও সাবেক ১২ জন সেনা কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের ঘটনায় করা মামলায় আসামি ১৩ জন। শেখ হাসিনা ছাড়া এ মামলার অন্য ১২ জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। মামলা দুটিরই সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। এ ছাড়া ২০১৮ সালের ২৬ মে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ আসামি ১১ জন। মামলা দুটি বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। একই ধরনের অভিযোগে গাজীপুরের পাতারটেকে সাতজনকে হত্যার ঘটনায় করা মামলায় শেখ হাসিনাসহ আসামি ১০ জন। মামলা দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি দেশে ফিরলে তা কার্যকর করা হবে। একই সঙ্গে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোতেও তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।
সানা/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের মৃত্যু

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (৭৯) মারা...

ফিরে আসছে ককটেল, অগ্নিসংযোগ
০৯ নভেম্বর ২০২৬

ফিরে আসছে ককটেল, অগ্নিসংযোগ

রাজধানী ঢাকায় আবারো বাড়ছে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। সন্ধ্যা নামলেই বিভিন্ন এলাকায় বিস...

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, ই-মেইল ঢাকায় পাঠালো দিল্লির হাইকমিশন
০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, ই-মেইল ঢাকায় পাঠালো দিল্লির হাইকমিশন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে যুক্তরাজ্যে...

ফার্মগেটে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা মেট্রো স্টেশন
০৯ নভেম্বর ২০২৬

ফার্মগেটে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা মেট্রো স্টেশন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় স্টেশনজুড়ে ধোঁয়া ছড়িয়ে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই