বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার জোহরের নামাজের পর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তাঁর বাবার জানাজা অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে দেওয়া শোকবার্তায় তিনি বলেন, “সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।”
শোকবার্তায় তারেক রহমান আরো বলেন, সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি তাঁদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সানা/আপ্র/১৪/১০/২০২৬