যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ ঘটনায় সরকারকে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক বার্তায় শফিকুর রহমান লেখেন, “সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম।”
ওই বার্তায় মুহাম্মদ ইউনূসকে হেনস্তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন শফিকুর রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।”
সোমবার বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় মুহাম্মদ ইউনূসকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সানা/আপ্র/১৩/১০/২০২৬