গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শুল্ক ফাঁকির অভিযোগ, সন্দেহের তালিকায় আরো ৮৩ কনটেইনার

টেক্সটাইল মেশিনারির আড়ালে গাড়ির যন্ত্রাংশ, ধরা পড়েছে ১০ চালান

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৪ এএম ২০২৬
টেক্সটাইল মেশিনারির আড়ালে গাড়ির যন্ত্রাংশ, ধরা পড়েছে ১০ চালান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম বন্দরে পুরনো টেক্সটাইল মেশিনারি আমদানির ঘোষণা দিয়ে কৌশলে উচ্চশুল্কের ইলেকট্রিক বাইক, স্কুটি ও থ্রি-হুইলারের যন্ত্রাংশ, স্টিলের কাঠামো, নাট-বোল্ট এমনকি কাঠের স্ক্রু আনার অভিযোগ উঠেছে। কনটেইনারের সামনে পুরনো ও জীর্ণ টেক্সটাইল মেশিন রেখে তার আড়ালে এসব পণ্য আনার ঘটনা ধরা পড়েছে কাস্টমসের হাতে। গত তিন মাসে এ ধরনের ১০টি চালান আটক করেছে কাস্টমস। একই কৌশলে আনা হয়েছে সন্দেহে আরো ৮৩টি কনটেইনার চিহ্নিত করে সেগুলোর পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত মে মাসে কাস্টমস গোয়েন্দা দলের একটি চালান আটকের পর এ ধরনের আমদানির বিষয়টি নজরে আসে। এরপর একে একে আরো কয়েকটি চালান আটক করা হয়। কাস্টমসের হিসাবে, প্রতিটি চালানে অন্তত দেড় কোটি টাকা করে শুল্ক ফাঁকির অভিযোগ রয়েছে।

কনটেইনারের কাগজপত্রে পুরনো টেক্সটাইল মেশিনারি থাকার ঘোষণা দেওয়া হলেও কায়িক পরীক্ষায় ভিন্ন চিত্র পাওয়া যায়। সামনে রাখা থাকে পুরনো মেশিন, আর তার পেছনে বা আড়ালে থাকে তুলনামূলক বেশি শুল্কের বিভিন্ন পণ্য। কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য, পুরনো মেশিনারির শুল্কহার কম হওয়ায় এই কৌশলে উচ্চশুল্কের পণ্য আনা হলে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হয়। সাম্প্রতিক এক প্রতিবেদনে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো মেশিনারির শুল্কহার যেখানে প্রায় ১ থেকে ২ শতাংশ, সেখানে আড়ালে রাখা কিছু পণ্যের শুল্কহার ১২৩ শতাংশ পর্যন্ত হতে পারে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার ও কাস্টমস গোয়েন্দা দলের প্রধান তারেক মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে এ কৌশলে কিছু চালান খালাস হয়ে আসছিল। কায়িক পরীক্ষায় একের পর এক অনিয়ম ধরা পড়ার পর নতুন করে ৮৩টি সন্দেহজনক কনটেইনার চিহ্নিত করা হয়েছে। সব কনটেইনার খুলে কায়িক পরীক্ষা ও পণ্য গণনার জন্য সিঅ্যান্ডএফ এজেন্টদের বলা হয়েছে। তারা সাড়া না দিলে জোর করে কনটেইনার খুলে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে পরীক্ষা করা হবে।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক ১০টি চালানে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। তবে পাচার করা অর্থের পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। অভিযোগ অনুযায়ী, আমদানিকারকেরা কম শুল্কের পুরনো মেশিনারির জন্য ব্যাংকিং চ্যানেলে সীমিত পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠালেও প্রকৃত পণ্য বা ইলেকট্রিক স্কুটি কেনার অর্থের বড় অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পরিশোধ করা হয়েছে।

তবে এসব অভিযোগের দায় নিতে রাজি নন সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টরা। আনাতুল হাসান সিঅ্যান্ডএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হক বলেন, অর্থ পাচার হয়ে থাকলে তা আমদানিকারকের বিষয়; সিঅ্যান্ডএফ এজেন্টের সেখানে করার কিছু নেই।

কাস্টমস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জুন থেকে আগস্ট পর্যন্ত আটক ১০টি চালানের আমদানিকারকদের মধ্যে রয়েছে মেসার্স জাহিদ টেক্সটাইল, ইউনিস্টার টেক্সটাইল, মা টেক্সটাইল, অ্যামিগো পলিফাইবার কোম্পানি লিমিটেড, মেসার্স রিমি সরকার দোয়া টেক্সটাইল, মেসার্স এস এন টেক্সটাইল, মেসার্স রোহান টেক্সটাইল, মেসার্স ফাতেমা টেক্সটাইল, উর্মি টেক্সটাইল ও রোলেক্স টেক্সটাইল। এর মধ্যে আটটি প্রতিষ্ঠান নরসিংদীর।

কর্মকর্তাদের দাবি, দেশের অন্যতম টেক্সটাইল শিল্পাঞ্চল হওয়ায় নরসিংদীর বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স ও বন্ডেড সুবিধা ব্যবহার করে এ ধরনের অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, ভুয়া ঘোষণা দিয়ে পণ্য এনে পরে স্থানীয় বাজারে বিক্রি করাই চক্রটির অন্যতম উদ্দেশ্য।

এ ঘটনায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টদেরও শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা দল। তালিকায় রয়েছে আবির ইন্টারন্যাশনাল লিমিটেড, কোস্টাল ট্রেডিং কোম্পানি, ইভা এন্টারপ্রাইজ, এন জে ট্রেড ইন্টারন্যাশনাল, আনাতুল হাসান সিঅ্যান্ডএফ লিমিটেড, জিয়ান এন্টারপ্রাইজ, অফিস ওয়ান লিমিটেড ও টায়ার মাস্টার লিমিটেড।

নরসিংদী সদরের এম এ টেক্সটাইল পুরনো মেশিনারি ঘোষণায় ইলেকট্রিক বাইক আনার ঘটনায় ৫৫ লাখ টাকা জরিমানা দিয়েছে। প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ এজেন্ট এন জে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক গোলাম নবী বলেন, আমদানিকারক কী পণ্য এনেছেন, তা সিঅ্যান্ডএফ এজেন্টের পক্ষে জানা সম্ভব নয়। তিনি দাবি করেন, তারা জড়িত থাকলে কাস্টমস তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ ব্যবস্থা নিতে পারত।

পুরনো মেশিনারির ঘোষণা দিয়ে উচ্চশুল্কের পণ্য আনার অভিযোগে নরসিংদীর ইউনিস্টার টেক্সটাইলকে এক চালানে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধের পর চালানটি খালাস নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ এজেন্ট কোস্টাল ট্রেডিং কোম্পানির অংশীদার শামসুল কবির বলেন, ওই প্রতিষ্ঠানের সঙ্গে তাদের এটিই প্রথম কাজ ছিল এবং প্রথম কাজেই তাদের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে চালান আটকের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও পণ্য আটকসহ ব্যবস্থা নেওয়া হলে সিন্ডিকেটের সদস্যরা কাস্টমসের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন বলে জানা গেছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি জানার পর পদক্ষেপ নেওয়ায় পণ্য খালাস আটকে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কাস্টমস কর্মকর্তাদের হুমকি দেওয়া এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পণ্য খালাসের তদবিরের অভিযোগও রয়েছে।

বন্দর ব্যবহারকারীদের কয়েকজনের মতে, কিছু প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর ব্যবহার করে বারবার এ ধরনের চালান আনা হয়ে থাকতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও প্রকৃত মালিকদের শনাক্ত করে তদন্ত করলে চক্রটির বিষয়ে আরো তথ্য বেরিয়ে আসতে পারে বলে তারা মনে করছেন।

সানা/কেএমএএ/আপ্র/২৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জন্মের পাঁচ দিন পর মাকে হারায় আরফা, এবার ডেঙ্গু নিয়ে গেল বাবাকে
২৫ সেপ্টেম্বর ২০২৬

জন্মের পাঁচ দিন পর মাকে হারায় আরফা, এবার ডেঙ্গু নিয়ে গেল বাবাকে

‘আমি তো এতিম হয়ে গেলাম। আমি এখন কার কাছে থাকব? সবার বাবা-মা আছে। আমার তো আগে মা ছিল না, কিন্তু বাবা...

স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনে নীতিগত অনুমোদন
২৩ সেপ্টেম্বর ২০২৬

স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনে নীতিগত অনুমোদন

সাইবার অপরাধ তদন্ত ও ডিজিটাল ফরেনসিক কার্যক্রমকে স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনতে বাংলাদেশ পুলিশে...

বেকারি পণ্যে ৫০ শতাংশ দাম বৃদ্ধি কতটা যৌক্তিক?
১৬ সেপ্টেম্বর ২০২৬

বেকারি পণ্যে ৫০ শতাংশ দাম বৃদ্ধি কতটা যৌক্তিক?

১০ টাকার বনরুটি ১৫ টাকা। অর্থাৎ এক লাফে দাম বেড়েছে ৫০ শতাংশ। কোথাও ১৫ টাকার পণ্য ২০ টাকা, ২০ টাকার প...

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে
১১ সেপ্টেম্বর ২০২৬

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে

পরিবার পেলো যুদ্ধক্ষেত্রে মৃত্যুর খবর

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই