গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের জয়
ছবি

ছবি সংগৃহীত

ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। আবারও দ্বিতীয় মিনিটে গোল করলেন লামিন ইয়ামাল। পরে জালের দেখা পেলেন আরও একবার, মাঝে দলের আরেকটি গোলেও রাখলেন অবদান। ১৯ বছর বয়সী এই তারকার আলো ঝলমলে রাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন। সেভিয়ায় মঙ্গলবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ইয়ামাল বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান দিওন বেলিয়ো। 

 

এরপর স্বাগতিকদের আবারও এগিয়ে দেন মার্ক পুবিল। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। শেষ দিকে বদলি নেমে স্পেনের চতুর্থ গোলটি করেন নিকো উইলিয়ামস। এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার রেকর্ড ৪০ ম্যাচে নিয়ে গেল স্পেন। এর মধ্যে ৩১টি জয় ও ৯টি ড্র। টানা শেষ ৯ ম্যাচেই জয় পেয়েছে তারা।


‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে চেকিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে তারা। সমান পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া। চেকিয়া এখনও পয়েন্টের দেখা পায়নি। ম্যাচে প্রায় ৬৪ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ১৬টি শট নেয় স্পেন, যার সাতটি ছিল লক্ষ্যে। ক্রোয়েশিয়ার পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল। 

তিন দিন আগে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতোই শুরু হতে না হতেই স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। বাঁ দিকে মার্ক কুকুরেইয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর অ্যালেক্স বায়েনাকে পাস দেন তিনি। ফের্মিন লোপেস নিজে বল না ধরে ইয়ামালের জন্য ছেড়ে দেন। ছুটে গিয়ে বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান বার্সেলোনা উইঙ্গার।


এক মিনিট পরই দ্বিতীয় গোল খেতে বসেছিল ক্রোয়েশিয়া। তবে বায়েনার ডান পায়ের নিচু শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ চালিয়ে যায় স্পেন। 

২০তম মিনিটে বক্সের বাইরে থেকে পাউ কুবার্সির জোরালো শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। ঘর সামলাতেই ব্যস্ত থাকা ক্রোয়েশিয়া ২৮তম মিনিটে নিজেদের প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই সমতা ফেরায়। বাঁ দিক থেকে ইভান পেরেসিচের ক্রসে বক্সে জোরালো হেডে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন দিওন বেলিয়ো। তবে পাল্টা জবাব দিতে বেশি সময় নেয়নি স্পেন। ৩১তম মিনিটে আবারও এগিয়ে যায় তারা। 

এবার গোলের জোগানদাতা ইয়ামাল। কর্নার থেকে ফের্মিন লোপেসকে ছোট করে বল বাড়িয়ে সতীর্থের ফিরতি পাস পান তিনি। এরপর বক্সে চমৎকার ক্রস দেন ইয়ামাল। অনেকটা লাফিয়ে হেডে বল জালে পাঠান পুবিল। স্পেন জাতীয় দলের হয়ে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের এটি প্রথম গোল। প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিলেন লোপেসও। তবে তার প্রচেষ্টা পোস্টে লাগে। ৬৩তম মিনিটে আরও একবার চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান ইয়ামাল। পেদ্রির রক্ষণচেরা পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে শট নেন তিনি। কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এই তরুণ তারকা।


দেশের হয়ে ৩৫ ম্যাচে ইয়ামালের গোল হলো ১০টি, অ্যাসিস্ট ১২টি। চার মিনিট পর ইয়ামালকে তুলে ভিক্তর মুনিয়োসকে মাঠে নামান স্পেন কোচ। একই সময়ে বায়েনার জায়গায় নামেন নিকো উইলিয়ামস। ৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। তবে বক্সের বাইরে থেকে পেদ্রির জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান লিভাকোভিচ। ৮১তম মিনিটে মাঠে নামেন ক্রোয়েশিয়ার ৪১ বছর বয়সী তারকা লুকা মদ্রিচ। 

চেকিয়ার বিপক্ষে দুর্দান্ত একটি গোল করলেও এবার তেমন কিছু করতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। ৮৯তম মিনিটে ক্রোয়েশিয়ার কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন উইলিয়ামস। মিকেল মেরিনোর পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাছের পোস্ট দিয়ে গোল করেন তিনি। নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে চেকিয়ার মুখোমুখি হবে স্পেন। একই দিন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।

ডিসি/আপ্র/৩০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কারও নয়, বললেন স্কালোনি
৩০ সেপ্টেম্বর ২০২৬

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কারও নয়, বললেন স্কালোনি

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পরবেন, সেই প্রশ্নের উত্তর এখনই দিতে চান না ক...

১০ জনের চেকিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

১০ জনের চেকিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড

আধা ঘণ্টার মধ্যে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও, প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখতে পারল চেকিয়া। কিন্তু...

আমিরাত সফরে বাংলাদেশের ম্যাচের ভেন্যু চূড়ান্ত
৩০ সেপ্টেম্বর ২০২৬

আমিরাত সফরে বাংলাদেশের ম্যাচের ভেন্যু চূড়ান্ত

অক্টোবরজুড়ে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত সফরে একটি দুই দিনের প্র...

ভিনিসিয়ুস সেরা ছন্দে নেই, তবুও পার্থক্য গড়ে দিতে পারে: আনচেলত্তি
৩০ সেপ্টেম্বর ২০২৬

ভিনিসিয়ুস সেরা ছন্দে নেই, তবুও পার্থক্য গড়ে দিতে পারে: আনচেলত্তি

মৌসুমের শুরুটা ভালো না গেলেও ভিনিসিয়ুস জুনিয়র নিজের সেরা ছন্দে ফিরবেন বলে বিশ্বাস করেন ব্রাজিল কোচ ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 মিনিট আগে