ত্রিদেশীয় সিরিজে দারুণ শুরুর পর দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। মাত্র ২২ বলের ইনিংসে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না।
ইনিংসের দ্বিতীয় ওভারেই মাইমুনা নাহের ৬ বলে ১ রান করে ফেরেন। অচেনা জান্নাত করেন ২৪ বলে ১৬ রান। বিবি আয়েশা রানের খাতা খুলতে পারেননি।
এরপর অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি মিলে ইনিংস সামলানোর চেষ্টা করেন।
৩৫ বলে ২৬ রান করে নিশি রানআউট হলে জুটি ভাঙে। পরে সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ এবং কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান করেন। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। নেটমি উপেক্ষা ১০ বলে ৪ রান করে ফেরেন।
তবে এরপর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে যায় লঙ্কান মেয়েরা। শ্রীলঙ্কার জয়ের পথে সবচেয়ে বড় অবদান রাখেন সাঞ্জানা কাভিন্দি। ওপেনিংয়ে নেমে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। বালাসুরিয়া করেন ২১ রান।
এছাড়া মানুদি ১১, মাথসারা ৯, সেওমিনি ১০ ও লিমানসা ২ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। শেষ ওভার পর্যন্ত ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকলেও শেষ বলে জয় নিশ্চিত করে লঙ্কানরা। ফলে অল্পের জন্য জয় হাতছাড়া করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল নিশিতা আক্তার নিশি। তিনি শিকার করেন ২ উইকেট। ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম নেন একটি করে উইকেট।
ডিসি/আপ্র/৫/১০/২০২৬