বাংলাদেশের ৬৪ দশমিক ২ শতাংশ মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কে জানেন না। অন্তত একবার এআই ব্যবহার করেছেন মাত্র ১০ দশমিক ১ শতাংশ মানুষ। প্রতিদিন ব্যবহার করেন মাত্র ১ দশমিক ৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের যৌথ বৈশ্বিক জরিপে এ চিত্র উঠে এসেছে। ৩৭টি দেশের মধ্যে এআই সম্পর্কে জানা ও ব্যবহারের হারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে মাত্র তিনটি দেশ।
বিশ্বের ১৪০টি দেশে এ জরিপ পরিচালিত হচ্ছে। প্রথম পর্যায়ে ৩৭টি দেশের ফল গত ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। বাংলাদেশে ১৫ বছর ও তার বেশি বয়সী এক হাজার মানুষের কাছ থেকে চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার, ফোন ও অনলাইনে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপে দেখা গেছে, বাংলাদেশের ২৫ দশমিক ৭ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানলেও কখনো ব্যবহার করেননি। অন্তত একবার ব্যবহার করেছেন ১০ দশমিক ১ শতাংশ। তাঁদের মধ্যে সপ্তাহে এক বা একাধিকবার ব্যবহার করেন ৩ দশমিক ৪ শতাংশ এবং মাসে একবার বা তার কম ব্যবহার করেন ৪ দশমিক ৯ শতাংশ। প্রতিদিন ব্যবহারকারীর হার ১ দশমিক ৮ শতাংশ।
প্রতিদিন এআই ব্যবহারে ৩৭টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির ৪৬ শতাংশ মানুষ প্রতিদিন এআই ব্যবহার করেন। অন্যদিকে, এআই সম্পর্কে জানার হারে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড শীর্ষে। উভয় দেশের ৯৮ শতাংশ মানুষ এ প্রযুক্তি সম্পর্কে অবগত। বাংলাদেশের তুলনীয় কয়েকটি দেশও এগিয়ে রয়েছে। নাইজেরিয়ায় অন্তত একবার এআই ব্যবহার করেছেন প্রায় ২০ শতাংশ মানুষ। মিসরে ২২, কেনিয়ায় ২৩, ঘানায় ২৬, ইন্দোনেশিয়ায় ২৯ এবং ভিয়েতনামে ৪৩ শতাংশ।
মাইক্রোসফটের হিসাবেও পিছিয়ে বাংলাদেশ: মাইক্রোসফটের নিজস্ব হিসাবেও একই চিত্র পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির এআই ইকোনমি ইনস্টিটিউটের গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বাংলাদেশের ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে জেনারেটিভ এআই ব্যবহারকারীর হার ছিল ৮ শতাংশ। বিশ্বব্যাপী এ হার ১৮ দশমিক ৮ শতাংশ। ১৪৭টি দেশের মধ্যে ১২৭টিতে এআই ব্যবহারের হার বাংলাদেশের চেয়ে বেশি।
দক্ষিণ এশিয়ায় ভারতের এ হার ১৮ দশমিক ৫ শতাংশ, নেপালে ১৪ দশমিক ৬ এবং পাকিস্তানে ১১ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এআই ব্যবহারের অন্যতম প্রধান শর্ত ইন্টারনেট সংযোগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৫৬ শতাংশের বেশি পরিবারের অন্তত একজন সদস্য ইন্টারনেট ব্যবহার করতেন। অর্থাৎ প্রায় ৪৪ শতাংশ পরিবারের কোনো সদস্যই ইন্টারনেট ব্যবহার করতেন না। শহরে এ হার ৬৪ শতাংশ এবং গ্রামে ৫১ দশমিক ৫ শতাংশ।
ডিজিটাল দক্ষতার ঘাটতিও বড় বাধা। বিবিএসের ২০২৪-২৫ সালের জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মাত্র ১৫ শতাংশ ফাইল স্থানান্তর করতে পারেন।
গ্যালাপের জরিপে এআই ব্যবহার না করার কারণ জানতে চাওয়া হয়নি। ফলে এর পেছনে নির্দিষ্ট কারণ চিহ্নিত করা সম্ভব নয়। তবে ইন্টারনেট সুবিধার সীমাবদ্ধতা ও প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি দেশের ডিজিটাল বৈষম্যকে স্পষ্ট করছে। এআই ব্যবহারে পিছিয়ে পড়া ঠেকাতে ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষা ও ব্যবহারিক দক্ষতা বাড়ানো জরুরি। সূত্র: গ্যালাপ, মাইক্রোসফট ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
সানা/ডিসি/আপ্র/১১/১১/২০২৬