ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭৪ বছর বয়সী এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালনগর পানুয়াপাড়া গ্রামে। মামলার বাদী ও ভুক্তভোগী শিশুটির মা বেদি রানী দাস জানান, বৃহস্পতিবার বেলা প্রায় ৩টার দিকে তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে মৌমিতা দাস বাড়ির পাশের পাকা রাস্তায় একা খেলছিল। এ সময় পার্শ্ববর্তী উতনাগধাপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শাহর ছেলে মজিবর রহমান শিশুটিকে কোলে তুলে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করেন তিনি।
বেদি রানী দাসের ভাষ্য, মজিবর রহমান শিশুটির গোপনাঙ্গে হাত দিলে সে চিৎকার করে কান্না শুরু করে। শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মজিবর রহমানকে ধরে গণপিটুনি দেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে পুলিশ তাকে গ্রেফতার করে।
ফরিদপুর থানার উপপরিদর্শক জাহিদুর রহমান জানান, মজিবর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঘটনার কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল হেলাল মাহমুদ জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ১০/২০২৬ নম্বর মামলা করা হয়েছে। মামলাটি ২৪ সেপ্টেম্বর দায়ের করা হয়।
সানা/আপ্র/২৫/৯/২০২৬