সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিমপাড়া গ্রামের বাড়ি থেকে শাহিন কাদিরের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ধর্মপাশা উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে। তাঁর বয়স ৪৮ বছর।
স্বজনদের বরাত দিয়ে ধর্মপাশা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, রাত ৮টার দিকে শাহিন কাদির নিজ শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে রাতের খাবারের জন্য স্বজনেরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাননি।
একপর্যায়ে স্বজনেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাঁশের আড়ের সঙ্গে শাহিন কাদিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, শাহিন কাদিরের গলায় গামছা প্যাঁচানো ছিল এবং তিনি ঘরের বাঁশের আড়ের সঙ্গে ঝুলছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সানা/আপ্র/২৫/৯/২০২৬