বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। অর্থনীতিতে পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ে কাজ শুরু করাটা তাঁর জন্য সহজ ছিল না। তবে সময়ের সঙ্গে কাজের প্রতি নিষ্ঠা, আত্মবিশ্বাস ও নিজস্ব স্টাইলের কারণে র্যাম্প ও বিজ্ঞাপনচিত্রে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। পরে অভিনয়েও পা রাখেন স্নিগ্ধা।
রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবেও দর্শকের নজরে আসেন তিনি। র্যাম্পে তার উপস্থিতিও বরাবরই নজরকাড়া। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল সাজে দেখা যায় তাকে। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী সাজে নিজেকে ভিন্ন ভিন্ন আবহে উপস্থাপন করতে পছন্দ করেন এই মডেল-অভিনেত্রী।
তবে পেশাগত ব্যস্ততার মধ্যেই গত জুলাইয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন স্নিগ্ধা। মারধরের শিকার হওয়ার পর বেশ কিছুদিন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় তাকে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও অনেকটা আড়ালে ছিলেন তিনি।
বিরতির পর ধীরে ধীরে আবার কাজের জগতে ফিরছেন স্নিগ্ধা। সম্প্রতি আলোকচিত্রী জয়িতা তৃষার ক্যামেরায় নতুন ফটোশুটে ধরা দিয়েছেন তিনি। সেই শুটে তাঁর সাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের রাজকীয় আবহ।
এবারের সাজের কেন্দ্রবিন্দু ছিল ম্যাজেন্টা ও সোনালি জরির কারুকাজে সমৃদ্ধ একটি বেনারসি শাড়ি। এর সঙ্গে ছিল পান্না সবুজ রঙের স্লিভলেস ব্লাউজ। শাড়ির জমকালো রঙের সঙ্গে সবুজের বৈপরীত্য পুরো সাজে এনে দিয়েছে আলাদা সৌন্দর্য। মাথায় জড়ানো সবুজ ওড়নার বর্ডারেও ছিল সোনালি জরির কাজ, যা শাড়ির সঙ্গে তৈরি করেছে সুন্দর সামঞ্জস্য।
শাড়ির আঁচলে ফুটে উঠেছে জ্যামিতিক মোটিফ ও ফুলেল নকশা। ঐতিহ্যবাহী বুননের এই কারুকাজ তাঁর সাজে যোগ করেছে আরও গভীর দেশীয় আবহ। পোশাকের সঙ্গে গয়না বাছাইয়েও ছিল সাবেকি রাজকীয়তার ছাপ। খোঁপা করা চুলে পরেছেন মাথাপাট্টি। বড় গোলাকার নথ ও ঝুলন্ত কানের দুল তাঁর মুখের সাজকে করেছে আরও আকর্ষণীয়।
গলায় থাকা ভারী চোকার নেকলেসে ঝুলছিল পান্না সবুজ পাথর। ব্লাউজের রঙের সঙ্গে মিলিয়ে নেওয়া এই পাথরের ব্যবহার পুরো সাজে এনেছে সমন্বিত সৌন্দর্য। দুই হাতেও ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী অলংকার।
এক হাতে লাল কাচের চুড়ির সঙ্গে ছিল মোটা সোনালি বালা, অন্য হাতে রতনচূড় ও আংটি। হাতের লাল আলতা সাবেকি বাঙালি সাজকে আরো পরিপূর্ণ করেছে। কোমরে ঝুলন্ত চেইনের বিছা যোগ করেছে বাড়তি আভিজাত্য।
এত ভারী পোশাক ও গয়নার মাঝেও মেকআপে রাখা হয়েছিল সংযত ভাব। চোখজুড়ে গাঢ় কাজল, কপালে সাদা চন্দনের কলকা এবং লাল টিপে ফুটে উঠেছে স্নিগ্ধতার ঐতিহ্যবাহী সৌন্দর্য।
মেকআপ করেছেন পারভেজ দ্য মেকআপ আর্টিস্ট। পুরো সাজে ব্যবহৃত ব্রাস মেটালের গয়না ছিল ‘ক্যানভাস বাই তন্বী কবির’-এর।
স্নিগ্ধা চৌধুরীর নতুন ফটোশুটের সাজে বাঙালি ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনবোধের পরিমিত মেলবন্ধন দেখা গেছে। বেনারসির আভিজাত্য, পান্না সবুজের সতেজতা, সাবেকি গয়না ও সংযত মেকআপ—সব মিলিয়ে নতুনভাবে ধরা দিয়েছেন এই মডেল-অভিনেত্রী।
এসি/আপ্র/২৬/৯/২০২৬