পোষা কুকুরের ডাক শুনে বাড়ির পেছনটা দেখতে গিয়েছিলেন জেফ উইলসন। ভাবতেও পারেননি যে দরজা খুললেই ঝাঁপিয়ে পড়বে বুনো ভালুক। এরপর ভালুকের হঠাৎ আক্রমণে তিনি ও তার স্ত্রী ম্যালোরি যখন মারাত্মকভাবে আহত, বীরের মতো তাদের বাঁচাতে এগিয়ে আসে পোষা বুলডগ ক্যাসি।
নিজেদের পোষা ফ্রেঞ্চ বুলডগের জন্যই শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়ার এই দম্পতি।
স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ১৯ তারিখ হওয়া এ ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ।
জানা যায়, নিজের স্বামী যে ভালুকের ভয়াবহ আক্রমণের শিকার হয়েছেন তা প্রথমে টের পাননি স্ত্রী ম্যালোরি। শব্দ শুনতে পেয়ে তার ঘূম ভাঙে। এরপর তিনি কী ঘটছে তা দেখার জন্য ঘরের বাইরে পা দেওয়ামাত্র ভালুকটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার মুখমণ্ডলসহ পুরো শরীরে ভালুকের আক্রমণে মারাত্মক জখম হয়।
ঠিক তখনই আকারে অনেকেটা ছোট আর কম শক্তিশালী হয়েও ভালুকটির মুখোমুখি হয় ওই দম্পতির পোষা কুকুর ক্যাসি। পরে ভালুকটি ক্যাসিকে কামড়ে ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ম্যালোরি তখন ভালুকটির দিকে একটি চেয়ার ছুড়ে মারলে সেটির মুখ থেকে তাদের পোষা কুকুরটি পড়ে যায়। পরে আবার ম্যালোরির স্বামী তাড়া দিলে ভালুকটি দ্রুত পালিয়ে যায়।
এই দম্পতির ধারণা, খোলা গেট দিয়ে ঢুকে পড়ার পর বাড়ির পেছনে থাকা ছোট বেড়া দেখে ভালুকটি ভীতসন্ত্রস্ত হয়ে এমন কাজ করে থাকতে পারে। জেফ স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার ধারণা আমরা এটাকে দেখে যতটা চমকে গিয়েছিলাম, আমাদের দেখে এটাও ঠিক ততটাই চমকে গিয়েছিল।
ঘটনার পরপরই দ্রুত পোষা কুকুর ক্যাসিকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যান এই দম্পতি। ক্যাসির চিকিৎসার পর সে যখন পরের দুদিন হাঁটতে এবং নিজে থেকেই পানি খেতে পারছিল তখন কিছুটা হলেও স্বস্তি পান জেফ ও ম্যালোরি। কিন্তু দুঃখজনকভাবে তার পরের দিনই মারা যায় ক্যাসি।
এই দম্পতির এক বন্ধু জানান, ভালুকের আক্রমণে জেফের পাঁজড়ের দুটি হাড় ভেঙে যাওয়া ছাড়াও তার শরীরের নানা জায়গায় ভালুকের কামড় ও আঁচড়ের গুরুতর জখম হয়েছে। স্ত্রী ম্যালোরি মাথায় ও মুখে মারাত্মক আঘাত পেয়েছেন। তার একটি হাতও ভেঙে গেছে।
তিনি আরো জানান, জেফকে বাঁচাতে সরাসরি ভালুকটির সামনে চলে যায় ক্যাসি। সাড়ে ৭ বছর বয়সী ক্যাসি উইলসন দম্পতির খুবই প্রিয় ছিল এবং যখনই জেফের সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে তখনই ক্যাসি নিজেকে উৎসর্গ করে দিয়েছে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ
এসি/আপ্র/২৬/৯/২০২৬