চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। পরীমনির আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন।
মঙ্গলবার মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজির হয়ে শুনানি পেছানোর আবেদন করেন। আবেদনে আইনজীবী বলেন, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও বাতিলের দাবি করেন।
মোয়াজ্জম হোসেন বলেন, “মামলাটি অভিযোগ গঠনের জন্য আছে। আসামি কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থনা করছে, যা অগ্রহণযোগ্য। তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের প্রার্থনা করছি।” পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।
মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।
মামলা বৃত্তান্ত
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ আগস্ট তার বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব।
পরে পরীমনিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের পর মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন পরীমনি।
২০২২ সালের ১ মার্চ হাই কোর্ট পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরে উচ্চ আদালতের নির্দেশে মামলাটিতে আবার অভিযোগ গঠনের শুনানির কার্যক্রম শুরু হয়।
ডিসি/আপ্র/২৯/৯/২০২৬