ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস হয়ে গেলেও সেটিকে ‘খুবই সামান্য মূল্য’ হিসেবে মেনে নেওয়ার মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতাদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান নেতাও তাঁর মন্তব্যের নিন্দা করেছেন। হোয়াইট হাউস অবশ্য পরে দাবি করেছে, ট্রাম্প কোনো মার্কিন শহরে হামলার পক্ষে কথা বলেননি; বরং ইরানের সম্ভাব্য হুমকি ঠেকাতে চলমান যুদ্ধের প্রয়োজনীয়তা বোঝাতে ওই মন্তব্য করেছেন।
গত সোমবার (৫ অক্টোবর) নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। যুদ্ধের কারণে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্ব ও যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য এই মূল্য দিতে হচ্ছে।
এরপর ইরানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা একটি শহর ধ্বংস করতে পারে এবং লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হলেও সেটি খুব সামান্য মূল্য। একই সঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধ ‘একভাবে না একভাবে’ খুব দ্রুত শেষ হবে।
ট্রাম্পের মন্তব্যের পর ক্যালিফোর্নিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পকে ‘বিক্ষিপ্ত ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা পাঠানোর পর এখন ট্রাম্প বলছেন, বিদেশি শত্রুদের উচিত লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংস করে দেওয়া।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেন, ট্রাম্পের মন্তব্য শহরটির নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। তাঁর ভাষায়, একজন প্রেসিডেন্টের দায়িত্ব দেশের জনগণকে রক্ষা করা, তাদের হুমকির মুখে ফেলা নয়। সান দিয়েগোর মেয়র টড গ্লোরিয়াও বলেন, তাঁর শহর কোনো ‘সহনীয় ক্ষতি’ নয় এবং কোনো মার্কিন শহরকেই তুচ্ছ হিসেবে বিবেচনা করা উচিত নয়।
তারা একটি শহর ধ্বংস করতে পারে। লস অ্যাঞ্জেলেস ধ্বংস করুক, সান দিয়েগো ধ্বংস করুক-এটি খুবই সামান্য একটি মূল্য এবং খুব দ্রুত এর অবসান ঘটতে চলেছে। সূত্র: রয়টার্স
সানা/ডিসি/আপ্র/৭/১০/২০২৬