দৈনিক নবচেতনার ফটো সাংবাদিক বাদল দাসের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার ও সহকর্মীরা। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এ ঘটনায় তার বন্ধু ও রুমমেট, ফটো সাংবাদিক সুজিত শেখ বাবু পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, ফটো সাংবাদিক বাদল দাস নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একজন সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং তার সন্ধান নিশ্চিত করার চেষ্টা চলছে।
বাদলের সহকর্মীরা জানান, নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি তার কক্ষে পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একটি অজ্ঞাত নম্বর থেকে সুজিত শেখ বাবুর কাছে ফোন করে বলা হয়, বাদল দাস গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।
এ তথ্য পাওয়ার পর সুজিত শেখ বাবু মতিঝিল থানায় এবং গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যোগাযোগ করেন। তবে পুলিশের পক্ষ থেকে বাদল দাসকে আটক বা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
পরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটিতে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বাদল দাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
বাদল দাস পটুয়াখালী সদর উপজেলার ৩৫ সদর রোড, নতুন বাজার এলাকার বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। তিনি রাজধানীর গুলিস্তানে শিশুকল্যাণ পরিষদ ভবনে থাকতেন।
সানা/আপ্র/০১/১০/২০২৬