মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে নতুন একটি এলএনজি কার্গো খালাস শুরু হয়েছে। সিঙ্গাপুরের বিপি থেকে স্পট ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করা কার্গোটি ‘ওয়েন চেং’ নামের এলএনজিবাহী জাহাজে করে দেশে এসেছে।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে ‘ওয়েন চেং’ জাহাজটির প্রথম সংযোগ টার্মিনালের সঙ্গে স্থাপন করা হয়। এরপর জাহাজ থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়।
এর আগে সেপ্টেম্বর মাসেও বিভিন্ন উৎস থেকে একাধিক এলএনজি কার্গো দেশে এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের গানভোর, ইন্দোনেশিয়ার টোটালএনার্জির মাধ্যমে এবং অস্ট্রেলিয়ার আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট বাজার থেকে এলএনজি কেনা হয়।
এদিকে ১ অক্টোবর দুপুর ২টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট। আমদানি করা এলএনজি থেকে সরবরাহ করা হয়েছে ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলা জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসবে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।
সানা/আপ্র/২/১০/২০২৬