গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

চুয়েটে নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩৮ এএম ২০২৬
চুয়েটে নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মচারীদের
ছবি

সোমবার নবনিযুক্ত উপাচার্য প্রথমবারের মতো ক্যাম্পাসে প্রবেশের পর চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে যৌথ সভা করেন শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের নেতারা -ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে সব কাজে ‘সর্বাত্মক অসহযোগিতার’ ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্বঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতির পাশাপাশি এ অসহযোগিতা চলবে বলে জানিয়েছেন তাঁরা। এদিকে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিরতার মধ্যে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক নেতারা।

সোমবার (১২ অক্টোবর) সকালে নবনিযুক্ত উপাচার্য প্রথমবারের মতো ক্যাম্পাসে প্রবেশের পর উদ্ভূত পরিস্থিতিতে চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে যৌথ সভা করেন শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের নেতারা। সভায় উপাচার্যের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ।

তিনি বলেন, “বহিরাগতদের সহায়তায় নবনিয়োগপ্রাপ্ত ভিসির ক্যাম্পাসে উপস্থিতি তিন সমিতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এর প্রেক্ষিতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর সম্পূর্ণ দায়ভার তাকেই বহন করতে হবে।” তিনি আরো বলেন, “পূর্বঘোষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত সমস্ত দায়িত্বসহ পূর্ণ কর্মবিরতির পাশাপাশি সর্বাত্মক অসহযোগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

আগের উপাচার্যকে পুনর্বহালের দাবি: চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে গ্রহণ করছেন না। সংকট নিরসনে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

আহসান উল্লাহ বলেন, “আমাদের চুয়েট পরিবার তাকে (শেখ শরীফুল আলম) ভিসি হিসেবে গ্রহণ করছে না। আমরা সব মহলে যোগাযোগের চেষ্টা করেছি। আশা করি সরকার দ্রুততম সময়ে এই সংকট নিরসনে পদক্ষেপ নেবে; যাতে আগের ছন্দে বিশ্ববিদ্যালয় ফিরে যেতে পারে। শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সামনে দুর্গাপূজার ছুটি। এর পর যাতে আর কোনোভাবেই শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।”

এর আগে গত ৮ অক্টোবর চুয়েট শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে তাঁর পদে পুনর্বহালের দাবি জানানো হয়। এ দাবিতে গত ২৫ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

চুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরে আহসান উল্লাহ বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় চুয়েটের পরিবেশ কিছুটা আলাদা। এখানে আগে কখনো অস্থিরতা তৈরি হয়নি এবং শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়নি বলে তাঁর দাবি।

তিনি বলেন, “এই সরকারই আগের ভিসিকে নিয়োগ দিয়েছে; যিনি অত্যন্ত সফলতার সঙ্গে চুয়েটের উন্নয়ন, গবেষণা, শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে যাচ্ছিলেন। কোন কারণে, কিসের জন্য, কোন অনিয়মের কারণে হঠাৎ ছন্দপতন হলো, তা আমাদের বোধগম্য নয়। বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার স্বার্থে সরকার নিয়োগকৃত আগের ভিসিকে পুনর্বহাল করা হোক।”

উপাচার্যের কার্যালয়ের ফটকে তালা: এর আগে দায়িত্ব গ্রহণের ১৭ দিন পর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ কার্যালয়ে যান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। অফিস সময় শুরুর আগেই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাঁরা দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় বেঁধে দেন। কিন্তু উপাচার্য তাঁদের কথায় সাড়া না দেওয়ায় বেলা সাড়ে ১২টার দিকে ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্য তাঁর কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন এবং ভবনের বাইরে আন্দোলনকারীদের অবস্থান অব্যাহত ছিল।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আহসান উল্লাহ অভিযোগ করেন, উপাচার্য সকালে বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে প্রবেশের সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষ ছিলেন না।

শিক্ষার্থীদের বাসে হামলার অভিযোগ: উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিরতার মধ্যে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দুপুরে মদুনাঘাট এলাকায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিক্ষক নেতারা। এ ছাড়া কুয়াইশ এলাকায় ট্রাক দিয়ে শিক্ষার্থীদের বাসের গতি রোধ করা হয় বলে জানা গেছে। সর্বশেষ বিকেল সাড়ে ৪টার দিকে বহদ্দারহাট এলাকায় শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ এসেছে।

এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, “আজ চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে আসার মুহূর্তে মদুনাঘাটে কিছু সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় শিক্ষার্থীদের বহনকারী বাস। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত শঙ্কিত, ব্যথিত ও উদ্বিগ্ন। একজন ভিসি নিয়োগের প্রেক্ষিতে এ ধরনের কর্মকাণ্ড হতে পারে, শিক্ষক হিসেবে আমরা তা কল্পনাও করতে পারি না।”

তিনি বলেন, “কেবলমাত্র একটি পদের জন্য শিক্ষার্থীদের আক্রান্ত করব, এটা হতে পারে না। এর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এরকম কর্মকাণ্ড আর যেন না হয়।”

শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, “ছাত্ররা অলরেডি আক্রান্ত, আমরা খুবই শঙ্কিত এই বিষয়টা নিয়ে। এতদিন পর্যন্ত আমাদের বাসগুলো ঠিকভাবে চলেছে, আজ কেন আক্রান্ত হলো? এর মধ্যে যোগসূত্র থাকতে পারে। কারা করেছে, এ মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। যারাই করেছে, তারা দুষ্কৃতকারী হবে, এটাই বিশ্বাস করি।”

তবে বাসে হামলার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান শিক্ষক সমিতির সভাপতি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে বিরোধের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সানা/কেএমএএ/আপ্র/১২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা
১২ অক্টোবর ২০২৬

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছ...

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য
১২ অক্টোবর ২০২৬

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

আন্দোলনের ২১ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা...

প্রযুক্তি ও গবেষণাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী
১১ অক্টোবর ২০২৬

প্রযুক্তি ও গবেষণাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা কেবল তাত্ত্বিক বা প্রাতিষ্ঠানিক পরিবেশে আবদ্ধ না রেখে তা দেশের সাধারণ ম...

আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার
১০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক সম্মাননা পেলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে