দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২১ জন।
গত রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৬৯ জন। এ ছাড়া ১৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জনের।
সানা/কেএমএএ/আপ্র/১২/১০/২০২৬