গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা সরাসরি সম্প্রচারের দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১২ এএম ২০২৬
বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা সরাসরি সম্প্রচারের দাবি
ছবি

ছবি সংগৃহীত

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ চুরি ও লুটপাট বন্ধে লাগেজ ব্যবস্থাপনার পুরো কার্যক্রম সরাসরি সিসিটিভিতে সম্প্রচারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে লাগেজ পরিবহনের প্রতিটি ধাপে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দেশের বিভিন্ন বিমানবন্দরের পরিচালক ও ব্যবস্থাপকদের বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, বিমানবন্দর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তবে দীর্ঘদিন ধরে দেশে আসা ও বিদেশগামী যাত্রী, পর্যটক, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী এবং প্রবাসী শ্রমিকদের লাগেজ চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে। উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ নামিয়ে কনভেয়ার বেল্টে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে একটি অসাধু চক্র তালাবদ্ধ লাগেজ কেটে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র চুরি করছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ ধরনের ঘটনায় যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নোটিশে এ ধরনের ঘটনা সংবিধানের ৪২ অনুচ্ছেদে থাকা সম্পত্তির মৌলিক অধিকার এবং ৩২ অনুচ্ছেদে থাকা জীবনের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরো বলা হয়, রানওয়ে ও ব্যাগেজ সর্টিং এলাকায় সিসিটিভির অনুপস্থিতি বা নজরদারির সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী ও লোডারদের একটি অংশ এ ধরনের অপরাধ করছে। তাই লাগেজ পরিবহনের পুরো প্রক্রিয়ায় দৃশ্যমানতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

এ জন্য উড়োজাহাজের কার্গো অংশ থেকে লাগেজ খালাস, ট্রলিতে তোলা, র‍্যাম্প এলাকা পার হয়ে ব্যাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া উচ্চমানের সিসিটিভির আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অ্যারাইভাল লাউঞ্জের বড় পর্দায় এ কার্যক্রম সরাসরি যাত্রীদের দেখানোর ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।

নিরাপত্তা বা তল্লাশির প্রয়োজনে কাস্টমস কিংবা নিরাপত্তা সংস্থা কোনো যাত্রীর লাগেজ খুলে পরীক্ষা করলে সেটিও ক্যামেরায় ধারণ করে যাত্রীর সামনে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরে লোডার, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তাকর্মী নিয়োগে ঘুষ ও অনিয়ম বন্ধের দাবিও জানানো হয়েছে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের সক্রিয় প্রাতিষ্ঠানিক নজরদারি এবং মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ কাঠামো বাস্তবায়নের কথা বলা হয়েছে।

আইনি নোটিশে আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনার সরাসরি সিসিটিভি সম্প্রচার চালু, প্রকাশ্যে লাগেজ তল্লাশি নিশ্চিত এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা নেওয়া না হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

এসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
০৫ অক্টোবর ২০২৬

ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দে...

জামিন শুনানিতে হট্টগোল-হাতাহাতি, আখতারুজ্জামান কারাগারে
০৪ অক্টোবর ২০২৬

জামিন শুনানিতে হট্টগোল-হাতাহাতি, আখতারুজ্জামান কারাগারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার...

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল
০৪ অক্টোবর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন ডিআইজ...

জামিন পেলেন না আখতারুজ্জামান, কারাগারে পাঠানোর নির্দেশ
০৪ অক্টোবর ২০২৬

জামিন পেলেন না আখতারুজ্জামান, কারাগারে পাঠানোর নির্দেশ

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে