আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে বিয়ের পর শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ড. মুশতাক ইবনে আয়ুব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নবদম্পতির জন্য দোয়া কামনা করেন এবং সবার ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. মুশতাক লেখেন, তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—বৈবাহিক জীবনে পদার্পণের সময় স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া অসংখ্য শুভেচ্ছা ও দোয়া তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, “আপনাদের প্রতিটি বার্তা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পাথেয়, আমাদের সাহসের উৎস।” একই সঙ্গে তিনি সবাইকে তাদের জন্য নিয়মিত দোয়া করার অনুরোধ জানান।
পোস্টের শেষাংশে ড. মুশতাক উল্লেখ করেন, মানুষের কল্যাণে যৌথভাবে কাজ করার নানা পরিকল্পনা তাদের আরো কাছাকাছি এনেছে। ভবিষ্যতের সেই যাত্রায় সবার সহযোগিতা ও শুভকামনাও কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত ৫ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় ড. মুশতাক ইবনে আয়ুব ও দীপ্তি চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এই দম্পতিকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।
এসি/আপ্র/১০/০৬/২০২৬