ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মায়ের অসুস্থতার খবর জানান তিনি।
চিকিৎসাধীন মায়ের ছবি প্রকাশ করে তাসনুভা তিশা লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।’
ওই পোস্টে পরিবারের কঠিন সময়ের কথাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি আরও লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না।’
মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়ে তাসনুভা তিশা আরও লেখেন, আল্লাহ যেন তার মাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, শক্তি দেন, হৃদযন্ত্র হেফাজত করেন এবং দ্রুত সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।
তাসনুভা তিশার এই আবেগঘন পোস্টের পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন অনেকে।
ডিসি/আপ্র/২৬/০৯/২০২৬