ঈদ উৎসবের বাইরে সাধারণ সময়ে এত বেশি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাওয়া ঢালিউডে খুব একটা দেখা যায় না। সেই জায়গায় নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে আসছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’।
আগামী ১৩ নভেম্বর মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। পরিচালক বলেন, ঈদ ছাড়া সাধারণ সময়ে সর্বোচ্চসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘আনন্দ অশ্রু’। সবকিছু ঠিক থাকলে প্রায় ৩৭টি হলে একযোগে দর্শকের সামনে আসবে ছবিটি। ঢাকাই চলচ্চিত্রে সাইমন সাদিক ও মাহিয়া মাহি পরিচিত একটি জুটি।
২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধেন তারা। সুজন ও পরী চরিত্রে তাদের অভিনয় দর্শকের প্রশংসা পায়। সিনেমাটির সাফল্যের পর এই জুটিকে নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়।
এর পাঁচ বছর পর ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করেন সাইমন-মাহি। ছবিটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন সাদিক।
সেই ধারাবাহিকতায় একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’তেও দেখা যাবে এই জুটিকে। সিনেমাটিতে সাইমন-মাহি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী।
উল্লেখ্য, সালমান শাহ ও শাবনূর অভিনীত ১৯৯৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’র নামেই নির্মিত হয়েছে নতুন ছবিটি। তবে নাম এক হলেও এটি আগের সিনেমার রিমেক বা সিক্যুয়েল নয়; সম্পূর্ণ আলাদা গল্পে নির্মিত হয়েছে ছবিটি।
ডিসি/আপ্র/১০/১১/২০২৬